সালাহর চোখে আর্সেনালই শিরোপার ফেভারিট

ছবি: সংগৃহিত

লিভারপুলের তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ মনে করেন, আর্সেনাল এই মৌসুমে প্রিমিয়ার লিগ জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে। সম্প্রতি পিএফএ অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

সালাহ বলেন, “আমার মনে হয় এই মৌসুমে তাদের একটি দুর্দান্ত দল আছে, গত মৌসুমের মতোই। তাই তাদের খুব ভালো সুযোগ আছে। আমার মনে হয় তারা এখন ফেভারিট, কারণ তাদের খেলোয়াড়রা পাঁচ বছর ধরে একসঙ্গে আছে।”

তবে প্রতিদ্বন্দ্বী হওয়ায় আর্সেনালকে শুভকামনা জানাননি সালাহ। বরং তিনি আশা প্রকাশ করেছেন, লিভারপুলই আবার শিরোপা জিতবে।

গত তিন মৌসুমে আর্সেনাল ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের কাছে রানার্সআপ হয়ে ট্রফি হাতছাড়া করেছে। এবার দলবদলের বাজারে প্রায় £২০০ মিলিয়ন খরচ করে তারা স্কোয়াডকে শক্তিশালী করেছে। বিশেষ করে ভিক্টর জোকেরেসের মতো নির্ভরযোগ্য গোলস্কোরারকে দলে টানায় তাদের শক্তি আরও বেড়েছে।

সালাহর মতে, আর্সেনালের খেলোয়াড়দের মধ্যে দীর্ঘদিনের বোঝাপড়া ও ধারাবাহিকতাই তাদের শিরোপা দৌড়ে এগিয়ে রাখছে।

অন্যদিকে, বেটিং হাউসগুলোর হিসাব অনুযায়ী বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলই এখনও শিরোপার প্রধান দাবিদার। তাদের জয়ের সম্ভাবনা ৩৩%। আর্সেনাল ২৮% নিয়ে দ্বিতীয় স্থানে, আর ম্যানচেস্টার সিটি রয়েছে তৃতীয় স্থানে।