হিন্দু সম্প্রদায়ের দুর্গা উৎসব নিরাপদ রাখতে কোস্ট গার্ডের কঠোর নিরাপত্তা

খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় ৪৪টি পূজা মণ্ডপে কোস্ট গার্ডের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা

আজাদ রুহুল আমিন বিশেষ প্রতিনিধি :

বাগেরহাট, ২ অক্টোবর ২০২৫ :

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার হিন্দু সম্প্রদায়ের নিরাপদ উদযাপনের জন্য বাংলাদেশ কোস্ট গার্ড কঠোর নিরাপত্তা জোরদার করেছে। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, উপকূলীয় এলাকার ধর্মীয় উপাসনালয়, গুরুত্বপূর্ণ স্থাপনা ও সর্বসাধারণের জান-মাল রক্ষায় কোস্ট গার্ড সক্রিয় ভূমিকা পালন করছে।

এবারের দুর্গাপূজা উপলক্ষে খুলনার রূপসা, কয়রা ও দাকোপ, বাগেরহাটের মোংলা, শরণখোলা ও মোড়লগঞ্জ, এবং সাতক্ষীরার শ্যামনগরে মোট ৪৪টি পূজা মণ্ডপে কোস্ট গার্ডের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।

প্রতিমা বিসর্জনের সময় অতিউৎসাহী জনগণকে নৌযানে অতিরিক্ত চাপ থেকে বিরত রাখা, লাইফ জ্যাকেট পরিধান নিশ্চিত করা এবং সাঁতার না জানা ব্যক্তিদের নৌযানে উঠতে না দেওয়ার মতো সতর্কতা নেওয়া হবে। এছাড়া, নৌকা ডুবির মতো অনাকাঙ্খিত ঘটনায় উদ্ধার কার্যক্রমের জন্য কোস্ট গার্ডের বিশেষ ডুবুরিদল সর্বদা প্রস্তুত থাকবে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “আমরা চাই দেশের শান্তিপ্রিয় হিন্দু জনগোষ্ঠী তাদের ধর্মীয় উৎসবটি সুন্দর, সুষ্ঠু ও নিরাপদভাবে উদ্‌যাপন করুক। প্রতীমা বিসর্জনের দিন পর্যন্ত আমাদের এই নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”