বাগেরহাট, ৮ অক্টোবর ২০২৫:
আজাদ রুহুল আমিন বিশেষ প্রতিনিধি
বাগেরহাটের সাইনবোর্ড–বগী আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় আছাদুর রহমান (৩৫) নামের এক শিক্ষক নিহত হয়েছেন। বুধবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে কচুয়া উপজেলার মোল্লাবাড়ি এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোরেলগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে মোটরসাইকেলে আসা শিক্ষক আছাদুর রহমানকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং বাসটি সড়কের খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। খবর ছড়িয়ে পড়লে নিহত শিক্ষকের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে রাখে। প্রায় দুই ঘণ্টা অবরোধের পর স্থানীয়দের মধ্যস্থতায় বেলা ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
নিহত আছাদুর রহমান মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি বিশেশ্বর বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী শিক্ষক ছিলেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার সাতবসু গ্রামে। প্রায় এক বছর এক মাস আগে এনটিআরসিএ’র মাধ্যমে তিনি বিদ্যালয়টিতে যোগ দেন। তিনি কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকায় পরিবারসহ ভাড়া বাসায় থাকতেন। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিজুস কুমার সাহা বলেন, “প্রতিদিনের মতো আজও তিনি মোটরসাইকেল চালিয়ে বিদ্যালয়ে আসছিলেন। পথে বাসের চাপায় গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ খান বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। কাটাখালি হাইওয়ে থানার র্যাকার দিয়ে খাদে পড়ে থাকা বাসটি উদ্ধার করা হবে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছে, তাদের আটকের চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”





