ঢাকা, ১২ অক্টোবর ২০২৫ | নিউজ চ্যানেল বিডি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক ঘোষণা দিয়েছেন, “চাঁদাবাজ, দখলদার, লুটতরাজ কিংবা সন্ত্রাসীদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না।”
তিনি বলেন,
“অন্যায়কারীর রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, তাকে আইনের আওতায় এনে বিচার করা হবে। জিরো টলারেন্স—এই নীতিতেই আমরা অটল।”
রবিবার (১২ অক্টোবর) বিকেলে মিরপুর ৬ নম্বর সেকশন দারুল উলুম মাদ্রাসা মসজিদ বাজার কমপ্লেক্সে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভার উদ্দেশ্য ছিল বাজার ও মৎস্য আড়তের শৃঙ্খলা ও স্থিতিশীলতা রক্ষা।
আমিনুল হক বলেন,
“আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন—কোনো বিশৃঙ্খলাকারী, কোনো চাঁদাবাজ আপনাদের ক্ষতি করতে পারবে না, ইনশাল্লাহ। আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকব।”
তিনি আরও বলেন,
“গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকার জনগণকে জোর করে ‘আওয়ামীকরণ’-এর পথে ঠেলে দিয়েছে। কিন্তু আমরা সেটা করব না। আমরা বিশ্বাস করি জনগণের স্বাধীন মতামত ও ভোটাধিকারে। আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়া আপনার অধিকার, আপনার সিদ্ধান্ত।”
দেশের উন্নয়ন, মানবসম্পদ ও রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন,
“আমরা চাই দেশের প্রতিটি বাজার হবে চাঁদাবাজ-মুক্ত, সন্ত্রাস-মুক্ত। ব্যবসায়ীরা যেন নিরাপদে, শান্তিতে ও সৎভাবে ব্যবসা করতে পারেন—এটাই আমাদের লক্ষ্য।”
আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন,
“আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষে ভোট দিন, বিএনপি ও জিয়া পরিবারকে বিজয়ী করুন। বিএনপি সরকার গঠন করলে প্রতিটি বাজার হবে চাঁদাবাজ-মুক্ত ও বিশৃঙ্খলামুক্ত।”
সভায় স্থানীয় ব্যবসায়ী, মৎস্য আড়ত মালিক ও এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি ছিল। বক্তারা বাজারে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।





