স্টাফ রিপোর্টার | ৩০ নভেম্বর ২০২৫ | নিউজ চ্যানেল বিডি
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) ঘিরে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। বিসিবির দুর্নীতি দমন পরামর্শক অ্যালেক্স মার্শালের অধিকতর তদন্তের ভিত্তিতে গত আসরে ফিক্সিং সন্দেহে ৯ ক্রিকেটারকে বাদ দিয়ে আজ প্রকাশ করা হয়েছে নিলামের চূড়ান্ত খেলোয়াড় তালিকা। আজ বিকালে রাজধানীর র্যাডিসন হোটেলে অনুষ্ঠিত হবে দ্বাদশ বিপিএলের নিলাম।
আপিল বিভাগের সাবেক বিচারপতি মির্জা হুসাইন হায়দারের নেতৃত্বে গঠিত বিসিবির তিন সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদনে ৯ জন স্থানীয় ও ১ জন বিদেশি ক্রিকেটারকে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করা হয়। কমিটির অন্য সদস্য ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী ড. খালেদ এইচ চৌধুরী ও সাবেক ক্রিকেটার শাকিল কাসেম।
চূড়ান্ত নিলাম তালিকায় না থাকা অভিযুক্ত ৯ ক্রিকেটারের মধ্যে প্রাথমিক তালিকায় ছিলেন ৮ জন। তাঁরা হলেন—
দুর্দান্ত রাজশাহীর এনামুল হক, শফিউল ইসলাম, সানজামুল ইসলাম ও মিজানুর রহমান;
ঢাকা ক্যাপিটালসের মোসাদ্দেক হোসেন ও আলাউদ্দিন বাবু;
এবং সিলেট স্ট্রাইকার্সের আরিফুল হক ও নিহাদুজ্জামান।
আরিফুল প্রথমে প্রাথমিক তালিকায় না থাকলেও পরে অন্তর্ভুক্ত হন। এদের মধ্যে এনামুল, মোসাদ্দেক, শফিউল, সানজামুল ও আরিফুল জাতীয় দলের হয়ে খেলেছেন।
জাতীয় দলের আরেক ক্রিকেটার আল–আমিন হোসেন (সিলেট স্ট্রাইকার্স) প্রাথমিক তালিকায় ছিলেন না, চূড়ান্ত তালিকাতেও তাকে রাখা হয়নি।
সূত্র জানায়, তদন্ত কমিটির প্রতিবেদনে দুর্দান্ত রাজশাহীর সোহাগ গাজী এবং ঢাকা ক্যাপিটালসের শ্রীলঙ্কান ক্রিকেটার থিসারা পেরেরার নামও সন্দেহভাজন হিসেবে ছিল। তবে অ্যালেক্স মার্শালের তদন্তে দুজনই ‘নিষ্কৃতি’ পাওয়ায় চূড়ান্ত নিলাম তালিকায় জায়গা পেয়েছেন।
সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে যে প্রাথমিকভাবে অভিযুক্ত হিসেবে ১১ ক্রিকেটারের নাম উঠে আসে। ক্রিকেটার, কোচ, ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা ও মিডিয়া ম্যানেজার মিলিয়ে অভিযোগ আনা হয়েছে মোট ২০ জনের বিরুদ্ধে।





