নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে অসন্তোষ, সরকারকে আরও দায়িত্বশীল ভূমিকার আহ্বান বিএনপি মহাসচিবের

রাজনৈতিক নেতাকর্মী হত্যাকাণ্ডের নিন্দা, নির্বাচনকালে নিরাপত্তা জোরদারের দাবি

স্টাফ রিপোর্টার, ৯ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

গোটা দেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে উল্লেখ করে বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন । তিনি বলেন, যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে হত্যা করা হচ্ছে, বিশেষ করে তাদের দলের একাধিক নেতাকর্মী খুনের শিকার হওয়ার ঘটনায় বিএনপি তীব্র নিন্দা জানিয়েছে। কিন্তু সরকারের পক্ষ থেকে কার্যকর ও দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব বলেন, সরকারকে এ বিষয়ে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, যাতে এসব ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। বিশেষ করে নির্বাচনকালে আইনশৃঙ্খলা রক্ষায় সরকারকে আরও সচেতন ও সক্রিয় হতে হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, দলীয় নেতা যখন ঢাকায় আসেন, তখন লক্ষ লক্ষ মানুষ তাকে সম্বর্ধনা জানাতে জমায়েত হয়েছিল। এখন তিনি যখন গ্রামাঞ্চল ও জেলাগুলোতে যাচ্ছেন, তখন স্বাভাবিকভাবেই নতুন নেতাকর্মীরা আরও বেশি উজ্জীবিত হচ্ছেন। অতীত সরকারের সময় বিভিন্ন ছাত্রসংগঠন, বিশেষ করে ছাত্রদল, বিশ্ববিদ্যালয়গুলোতে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সুযোগ পায়নি বলেও অভিযোগ করেন তিনি।

বিশ্ববিদ্যালয় নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কখনোই জাতীয় নির্বাচনে প্রভাব ফেলেনি এবং এবারও ফেলবে না বলে তিনি আশাবাদী। একই দিনে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন চাওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং বিএনপি বহু আগেই ২০১৬ ও ২০২৩ সালে ৩১ দফার মাধ্যমে প্রয়োজনীয় সংস্কারের প্রস্তাব দিয়েছে।

ভিডিও নিয়ে গুজব প্রসঙ্গে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ভুয়া ভিডিও ছড়াতে পারে, তবে সাম্প্রতিক হামলার ঘটনার কারণে কিছু রাজনৈতিক নেতা নিরাপত্তার স্বার্থে সতর্কতা অবলম্বন করতে পারেন। শেষ পর্যন্ত তিনি আবারও সরকারের প্রতি আহ্বান জানান, নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে।