স্টাফ রিপোর্টার
১০ জানুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
বাংলাদেশে আর কোনো নির্বাচন নেই—একমাত্র নির্বাচন ঢাকা-৮ আসনকে ঘিরে বলে মন্তব্য করেছেন বিএনপির এক শীর্ষ নেতা। তিনি বলেন, একটি মহল পরিকল্পিতভাবে ঢাকা-৮ আসনের বিএনপি নেতা মির্জা আব্বাসকে টার্গেট করে বিএনপিকে পরাজিত করার অপচেষ্টা চালাচ্ছে।
তিনি অভিযোগ করে বলেন, বিএনপির গায়ে ‘ভারতীয় রং’ লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অথচ বিএনপির জন্ম হয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদের ওপর ভিত্তি করে। বাংলাদেশি জাতীয়তাবাদের বাইরে বিএনপি কখনোই কোনো চিন্তা করে না। বিদেশে বন্ধু থাকতে পারে বা নাও থাকতে পারে, কিন্তু বিএনপির কোনো প্রভু নেই।
বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভাগ্যের নির্মম পরিহাস হলো—তিনি আজ দেশে নেই, দেশে থাকতে পারেননি এবং দেশে আসতেও পারবেন না। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে আর কখনো গ্রহণ করবে না।
তিনি আরও বলেন, যারা আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। তিনি বলেন, “আমি যদি বেঁচে থাকি, তাহলে অন্তত এই অপচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ ও প্রতিহত করা হবে, ইনশাআল্লাহ।”
নির্বাচনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে একটি চক্র সচিবালয়ে সক্রিয় রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, কিছু কর্মকর্তা-কর্মচারী পোস্টিং ও বদলির মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করার ষড়যন্ত্রে লিপ্ত।
বিএনপি নেতা-কর্মী এবং সম্ভাব্য পোলিং এজেন্টদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা সাবধান থাকবেন। যেখানে ষড়যন্ত্র হবে, সেখানে প্রতিরোধ হবে। কিন্তু কোনো উস্কানিমূলক কথাবার্তার ফাঁদে পা দেওয়া যাবে না।”
সোশ্যাল মিডিয়ায় বিএনপি, দলের নেত্রী ও শীর্ষ নেতাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। একটি মহল মনে করছে, ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসকে হারাতে পারলে সারাদেশে বিএনপি পরাজিত হবে—এ ধারণাকে তিনি সম্পূর্ণ ভ্রান্ত বলে উল্লেখ করেন।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সারা দেশে বিএনপির পক্ষে জনসমর্থনের জোয়ার সৃষ্টি হয়েছে। এই জোয়ার ধরে রাখতে পারলেই বিজয় নিশ্চিত হবে। বর্তমান প্রেক্ষাপটে দেশের মানুষ অন্য কোনো দলকে পছন্দ করছে না।





