জাতীয় নির্বাচনের পর শ্রমিক ইশতেহার বাস্তবায়নের দায় রাষ্ট্র পরিচালনাকারীদের: নজরুল ইসলাম খান

ক্ষমতায় থাকুক বা না থাকুক—সংসদ ও রাজপথে শ্রমজীবী মানুষের দাবি তুলে ধরার আহ্বান রাজনৈতিক দলগুলোর প্রতি

স্টাফ রিপোর্টার |১২জানুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

মাত্র এক মাসের মধ্যেই দেশে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনের মাধ্যমে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন, শ্রমিক ইশতেহার বাস্তবায়নের গুরু দায়িত্ব তাদের ওপর বর্তাবে বলে মন্তব্য করেছেন নজরুল ইসলাম খান।

তিনি বলেন, যারা ক্ষমতায় আসবেন না, তাদের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংসদে এবং সংসদের বাইরে শ্রমিক ইশতেহারে অন্তর্ভুক্ত শ্রমজীবী মানুষের আকাঙ্ক্ষাগুলো বারবার তুলে ধরার সুযোগ তাদের রয়েছে। একই সঙ্গে জনমত সৃষ্টি, প্রভাব বিস্তার এবং প্রয়োজনীয় চাপ তৈরির সক্ষমতাও তারা রাখেন।

নজরুল ইসলাম খান আরও বলেন, এই কারণেই বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক দল ও জোটের কাছে শ্রমিক ইশতেহার পৌঁছে দেওয়া হয়েছে। অনলাইনে পাঠানোর পাশাপাশি সরাসরি গিয়েও ইশতেহার হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে সবার সহযোগিতা চাওয়া হয়েছে।

তিনি বলেন, শ্রমিক ইশতেহারে যে দাবিগুলো ও আকাঙ্ক্ষাগুলো তুলে ধরা হয়েছে, সেগুলোর কোনোটিই নতুন নয়। বহু বছর ধরে, এমনকি বহু যুগ ধরেই এ দেশের শ্রমজীবী মানুষ এসব দাবির বাস্তবায়নের জন্য আন্দোলন করেছে, জীবন দিয়েছে। কিন্তু এখনো সব দাবি অর্জিত হয়নি।

নজরুল ইসলাম খানের মতে, দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ধারাবাহিকতায় বিশেষ করে ২০২৪ সালের জুলাই–আগস্টে ছাত্র–শ্রমিক গণঅভ্যুত্থানের মাধ্যমে যে পরিবর্তনের সূচনা হয়েছে, তা শ্রমজীবী মানুষের আকাঙ্ক্ষা পূরণের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করেছে। এই সুযোগ কাজে লাগানো এখন সময়ের দাবি।