স্টাফ রিপোর্টার
১৪ই জানুয়ারি ২০২৬
নিউজ চ্যানেল বিডি
বিএনপি দেশের মানুষের জন্য, শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা, আইনের শাসন এবং গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে রাজনীতি করে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহম্মেদ। তিনি বলেন, এসব লক্ষ্য অর্জনের জন্য জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সেই ঐক্যমতের ভিত্তিতেই বিএনপি জাতীয়ভাবে কিছু সংস্কারের প্রস্তাব দিয়েছে।
সালাউদ্দিন আহম্মেদ বলেন, “আমরা সবসময়ই বলে আসছি যে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের পক্ষে রয়েছে বিএনপি। এই সনদটি জাতীয় ঐক্যমতের ভিত্তিতে স্বাক্ষরিত হয়েছে এবং এর প্রতিটি প্রস্তাব আমরা ইনশাআল্লাহ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব।”
তিনি আরও বলেন, জুলাই জাতীয় সনদের বাইরে বিএনপির কোনো ভিন্ন বক্তব্য নেই। জাতীয়ভাবে যেসব বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠিত হবে, সেসব বিষয়ে দলটি প্রতিশ্রুতিবদ্ধ ও অঙ্গীকারাবদ্ধ থাকবে।
সংবিধান প্রসঙ্গে সালাউদ্দিন আহম্মেদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনায় প্রথমবারের মতো “বিসমিল্লাহির রহমানির রাহিম” সংযোজন করেন এবং মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাসকে রাষ্ট্র পরিচালনার অন্যতম মূলনীতি হিসেবে গ্রহণ করেন। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার এই নীতি বাতিল করে দেয় বলে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, “আমরা প্রতিশ্রুতি দিয়েছি—যদি জনগণের রায়ে আমরা দায়িত্বপ্রাপ্ত হই, তাহলে ইনশাআল্লাহ সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে এবং প্রস্তাবনায় মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনরায় সংযোজন করা হবে।”
বক্তব্যের শেষাংশে তিনি দেশের নাগরিক অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠার প্রসঙ্গ তুলে ধরে বলেন, এসব অধিকারের জন্য দেশের সন্তানেরা রক্ত দিচ্ছে। তিনি মহান আল্লাহর কাছে জাতিকে সঠিক পথে পরিচালনার তৌফিক কামনা করে বক্তব্য শেষ করেন।





