স্টাফ রিপোর্টার | ১৫ জানুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি, ঢাকা
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার মুস্তাফিজুর রহমান-এর আইপিএল সংশ্লিষ্ট বিষয় নিয়ে সাম্প্রতিক আলোচনার প্রেক্ষিতে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর সভাপতি মোহাম্মদ মিঠুন।
এক প্রশ্নের জবাবে কোয়াব সভাপতি বলেন, মুস্তাফিজ ইস্যুটি কোনো সংগঠন বা বোর্ডকেন্দ্রিক বিষয় নয়; এটি সম্পূর্ণভাবে একজন খেলোয়াড়ের ব্যক্তিগত বিষয়। তাই এই ইস্যু থেকে সব কিছুর সূত্রপাত হয়েছে—এমন ধারণা সঠিক নয়।
তিনি বলেন, “প্লেয়ার অ্যাসোসিয়েশন হিসেবে আমাদের দায়িত্ব ছিল বিষয়টি ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ)-কে জানানো। আমরা ডব্লিউসিএ’র সঙ্গে জুমে ভিডিও কনফারেন্স করেছি এবং মুস্তাফিজ ইস্যুতে কী করা যায় তা নিয়ে আলোচনা করেছি।”
মিঠুন জানান, ডব্লিউসিএ তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেও তাদের একটি স্পষ্ট নীতিমালা রয়েছে—‘প্লেয়ার কামস ফার্স্ট’। অর্থাৎ, খেলোয়াড় নিজে কী চান, সেটি জানার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হয়।
তিনি আরও বলেন, “আমরা সরাসরি মুস্তাফিজের সঙ্গেও যোগাযোগ করেছি। কিন্তু সময়ের সঙ্গে বিষয়টি জটিল হয়ে উঠলেও মুস্তাফিজ নিজেই এই ইস্যু আর এগিয়ে নিতে চাননি। তিনি বলেছেন, আপাতত তার এটির প্রয়োজন নেই।”
কোয়াব সভাপতি স্পষ্ট করে বলেন, “মুস্তাফিজ যদি সম্মতি দিত, তাহলে আমরা ধাপে ধাপে আন্তর্জাতিক পর্যায়ে বিষয়টি নিয়ে যেতাম। কিন্তু খেলোয়াড়ের ইচ্ছার বাইরে গিয়ে কিছু করার সুযোগ আমাদের নেই।”
তিনি আরও যোগ করেন, “আমাদের যতটুকু করার ছিল, আমরা করেছি। খেলোয়াড়ের সিদ্ধান্তকে সম্মান জানানোই কোয়াবের নৈতিক ও সাংগঠনিক দায়িত্ব।”
সবশেষে মিঠুন বলেন, ভবিষ্যতেও কোয়াব খেলোয়াড়দের অধিকার ও কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে।





