স্টাফ রিপোর্টার | ১৯ জানুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার মাজারে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ সময় দলের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকেও শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে একটি অনন্য নাম। তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, সংবাদপত্রের স্বাধীনতা ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে তিনি সমৃদ্ধির পথে নিয়ে গিয়েছিলেন।
তিনি বলেন, শহীদ জিয়ার পাশে শুয়ে আছেন আরেকজন ক্ষণজন্মা, আপসহীন নেত্রী, যিনি সারাজীবন বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে নিজেকে উৎসর্গ করেছিলেন। তাদের আদর্শই আজ বিএনপির রাজনীতির মূল চালিকাশক্তি।
মির্জা ফখরুল আরও বলেন, শহীদ জিয়াউর রহমান যে উদার গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সেই পথে এগিয়ে যাওয়ার শপথ আজ আমরা আবারও গ্রহণ করেছি। বিশেষ করে আগামী ১২ ফেব্রুয়ারি ঘোষিত নির্বাচনকে সামনে রেখে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিএনপি ও তার সকল অঙ্গসংগঠন ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী শাসনের পতনের পর বাংলাদেশ আবারও একটি নতুন যাত্রা শুরু করেছে। ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পুনর্গঠন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নির্বাচন কমিশন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশন গঠনের সময় কিছু সমস্যা থাকা নতুন কিছু নয়। তবে এখন পর্যন্ত কমিশনের কার্যক্রম মোটামুটি সন্তোষজনক। বিএনপির পক্ষ থেকে যেসব আপত্তি ও পর্যবেক্ষণ ছিল, সেগুলো ইতোমধ্যে নির্বাচন কমিশনের সামনে তুলে ধরা হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন যোগ্যতা ও নিরপেক্ষতার সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে।





