স্টাফ রিপোর্টা২০ জানুয়ারি ২০২৬ নিউজ চ্যানেল বিডি
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ হৃদয়ে ধারণ না করলে তার জন্মদিন উদযাপন অর্থহীন আনুষ্ঠানিকতায় পরিণত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, “প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ”—এই চেতনা ধারণ করলেই শহীদ জিয়ার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব।
নজরুল ইসলাম খান বলেন, শহীদ জিয়া এই দেশ ও দেশের মানুষকে গভীরভাবে ভালোবাসতেন। দেশের কল্যাণে তার দূরদৃষ্টি ও সাহসী সিদ্ধান্তই বাংলাদেশকে দুর্ভিক্ষ, দারিদ্র্য ও অর্থনৈতিক স্থবিরতা থেকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে। আমরা যদি সেই দূরদৃষ্টি নিজেদের মধ্যে ধারণ না করি, তাহলে শুধু জন্মদিন পালন করে তাকে সম্মান জানানো হবে না।
তিনি বলেন, ১৯৭৪ সালের দুর্ভিক্ষে যখন দেশের মানুষ অকালে প্রাণ হারিয়েছিল, তখন শহীদ জিয়া কৃষি উৎপাদন বাড়িয়ে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার পথে নিয়ে যান। এমনকি দুর্ভিক্ষপীড়িত মানুষের জন্য বিদেশে চাল রপ্তানির সক্ষমতাও তৈরি করেছিলেন।
শিল্পখাতের প্রসঙ্গ তুলে তিনি বলেন, শহীদ জিয়ার আমলে বন্ধ ও ধ্বংসপ্রাপ্ত কলকারখানা পুনরায় চালু হয়। এক শিফটের জায়গায় দুই ও তিন শিফটে উৎপাদন শুরু হয়। তার সময়েই টেক্সটাইল মিল, সার কারখানা, সুগার মিল, ফার্টিলাইজার ফ্যাক্টরি ও ফার্মাসিউটিক্যাল শিল্প গড়ে ওঠে।
তিনি আরও বলেন, বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য শহীদ জিয়া ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রসার ঘটান, গার্মেন্টস শিল্পের ভিত্তি স্থাপন করেন এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করেন। নারী, শিশু ও যুবকদের জন্য আলাদা মন্ত্রণালয় গঠন ছিল তার দূরদর্শী চিন্তারই প্রতিফলন।
নজরুল ইসলাম খান বলেন, আমাদের প্রশ্ন করতে হবে—আমাদের কি সেই দূরদৃষ্টি আছে? আমরা কি সেই আদর্শ নিয়ে দল পরিচালনা ও রাষ্ট্র পরিচালনা করতে চাই? যদি না চাই, তাহলে শহীদ জিয়ার প্রতি শ্রদ্ধা জানানো সার্থক হবে না।
অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, এখানে যারা উপস্থিত আছেন, আমি বিশ্বাস করি তারা সবাই শহীদ জিয়ার আদর্শের সৈনিক। কিন্তু সেই আদর্শ যদি আমরা অনুধাবন না করি, বাস্তবায়নের জন্য শপথ না নিই, তাহলে তা শুধু মুখের কথা হয়েই থাকবে।
তিনি বলেন, শহীদ জিয়াকে সত্যিকারভাবে ভালোবাসতে হলে শুধু দোয়া করলেই চলবে না। তার কাজ, চিন্তা ও দর্শন থেকে শিক্ষা নিয়ে নিজেদের জীবন ও রাজনীতিকে সেভাবেই গড়ে তুলতে হবে। তবেই শহীদ জিয়ার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে এবং দেশের মানুষের প্রতি আমাদের দায়িত্ব পালন করা সম্ভব হবে।
এই বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।





