স্টাফ রিপোর্টার ২১ জানুয়ারি ২০২৬ নিউজ চ্যানেল বিডি
ঘোষিত তফসিল অনুযায়ী আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। বিএনপির পক্ষ থেকে এই প্রচারণার সূচনা করছেন দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান। সিলেট সফরের মধ্য দিয়েই তিনি নির্বাচনী মাঠে নামছেন।
দলীয় সূত্রে জানা গেছে, আজ রাত ৮টা ১৫ মিনিটে বিমানযোগে সিলেটে পৌঁছাবেন তারেক রহমান। পৌঁছানোর পর গভীর রাতে তিনি হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করবেন।
আগামীকাল সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। এরপর দুপুরবেলা তিনি মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন।
যাত্রাপথে তিনি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে এক নির্বাচনী সমাবেশে অংশ নেবেন। এরপর ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া ফুটবল খেলার মাঠে আরেকটি নির্বাচনী সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে।
বিকালবেলায় তারেক রহমান কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়ামে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন। পরবর্তীতে যাত্রাপথে তিনি নরসিংদী পৌর এলাকা সংলগ্ন একটি নির্বাচনী সমাবেশে অংশ নেবেন।
এরপর নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার আড়াইহাজার-গাউছিয়া এলাকায় নির্বাচনী সমাবেশে যোগ দিয়ে গভীর রাতে ঢাকার গুলশানে নিজ বাসভবনে ফিরে যাওয়ার কথা রয়েছে।
এদিকে নির্বাচনী প্রচারণার সূচনা লগ্নেই বিএনপির পক্ষ থেকে একটি নির্বাচনী থিম সং উন্মোচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রাত ১২টা ০১ মিনিটে, অর্থাৎ ২২ জানুয়ারি নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ঢাকার লেকশোর হোটেলে এই থিম সংটির উদ্বোধন করা হবে।
থিম সং উদ্বোধন করবেন বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী। এ সময় উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক জনাব ইসমাইল জবিউল্লাহসহ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এবং বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ।





