আইসিসিকে আবারও চিঠি বিসিবির, নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনায় স্বাধীন বিরোধ নিষ্পত্তি কমিটি গঠনের অনুরোধ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বদলে শ্রীলঙ্কায় ম্যাচ সরানোর দাবিতে আলোচনা অব্যাহত, টাইমস অফ ইন্ডিয়ার দাবি

স্টাফ রিপোর্টার, ২৩ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

ভারতে বাংলাদেশ দল ও সংশ্লিষ্টদের নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনার জন্য আইসিসির কাছে আবারও চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতের সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বিসিবি আইসিসির কাছে “ইন্ডিপেন্ডেন্ট ডিসপিউট রেজুলেশন কমিটি” বা স্বাধীন বিরোধ নিষ্পত্তি কমিটি গঠনের অনুরোধ জানিয়েছে। আইসিসির নিয়ম অনুযায়ী এমন কমিটি গঠনের সুযোগ রয়েছে এবং এ কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে বিবেচিত হয়।

নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত থেকে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি আইসিসিকে জানিয়েছিল বিসিবি। তবে বুধবার অনুষ্ঠিত আইসিসির সভায় বাংলাদেশের সেই দাবি খারিজ হয়ে যায়। সভা শেষে আইসিসি জানিয়ে দেয়, বাংলাদেশকে ভারতে গিয়েই বিশ্বকাপের ম্যাচ খেলতে হবে, অন্যথায় টুর্নামেন্ট থেকে বাদ পড়তে হতে পারে। পাশাপাশি চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বিসিবিকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

এই ঘটনার পর বিসিবির শীর্ষকর্তাদের সঙ্গে সরকারের বৈঠক অনুষ্ঠিত হয়। একই সঙ্গে ক্রিকেটারদের সঙ্গেও আলোচনা হয় বলে জানা গেছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বৃহস্পতিবার স্পষ্ট করে বলেন, বিশ্বকাপে খেলতে আগ্রহী বাংলাদেশ, তবে সেটা ভারতে গিয়ে নয়, শ্রীলঙ্কার মাটিতে।

এদিকে আইসিসির সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেন, “আমরা এখনও হাল ছাড়িনি। আমরা আবার আজকে কমিউনিকেশন করব, আরও কিছু জিনিস নিয়ে চেষ্টা করে যাচ্ছি, যাতে আমাদের ছেলেরা বিশ্বকাপ খেলতে পারে।” যদিও বিসিবি আনুষ্ঠানিকভাবে আলোচনা প্রক্রিয়ার বিস্তারিত জানায়নি।

শুক্রবার টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, এই নতুন উদ্যোগের অংশ হিসেবে আইসিসিকে আবারও চিঠি দিয়েছে বিসিবি। চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ দল ও সংশ্লিষ্টদের নিরাপত্তা ঝুঁকি নিরপেক্ষভাবে মূল্যায়নের জন্য স্বাধীন বিরোধ নিষ্পত্তি কমিটি গঠন করা হোক। বিসিবির ধারণা, তাদের যৌক্তিক নিরাপত্তা-সংক্রান্ত দাবি যথাযথভাবে বিবেচনা করা হয়নি, তাই একটি স্বাধীন কমিটি গঠিত হলে ন্যায্য মূল্যায়ন এবং সুবিচার পাওয়া সম্ভব হবে।

স্বাধীন বিরোধ নিষ্পত্তি কমিটি কী, সেটি নিয়েও আলোচনা চলছে। সংশ্লিষ্টদের মতে, এটি একটি স্বাধীন সালিশি কাঠামো, যা আইসিসি বিভিন্ন বিরোধ বা জটিল ইস্যু নিষ্পত্তির জন্য গঠন করতে পারে। এ ধরনের কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত এবং মানা বাধ্যতামূলক হিসেবে বিবেচিত হয়।