পরিবর্তনই মানুষের মূল দাবি, সমালোচনায় পেট ভরবে না: চট্টগ্রামে তারেক রহমান

পোলো গ্রাউন্ডের জনসভায় বিএনপি চেয়ারম্যান বলেন, ২০২৪ সালের ছাত্রজনতার আন্দোলন হারানো স্বাধীনতা ও অধিকার পুনঃপ্রতিষ্ঠা করেছে

স্টাফ রিপোর্টার |২৫ জানুয়ারি 2026 নিউজ চ্যানেল বিডি

চট্টগ্রাম: চট্টগ্রামের ঐতিহাসিক পোলো গ্রাউন্ডে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী জনসভায় বক্তব্য দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ১৯৭১ সালে অর্জিত স্বাধীনতাকে রক্ষা করেছে ২০২৪ সালের ছাত্রজনতার আন্দোলন। কারণ, গত ১৬ বছর ধরে এ দেশের মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক ও ব্যক্তি স্বাধীনতা একের পর এক কেড়ে নেওয়া হয়েছিল।

তারেক রহমান বলেন, দেশের মানুষ পরিবর্তন চেয়েছে। সেই পরিবর্তন এমন একটি পরিবর্তন, যা খেটে খাওয়া মানুষকে নিরাপত্তা দেবে, নিরাপদে ব্যবসা-বাণিজ্য করার সুযোগ সৃষ্টি করবে, চাকরির নিশ্চয়তা দেবে এবং রাস্তায় নিরাপদে চলাচলের অধিকার নিশ্চিত করবে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ চায় এমন একটি রাষ্ট্রব্যবস্থা, যেখানে তারা তাদের সন্তানদের শিক্ষা নিশ্চিত করতে পারবে এবং নিজের ও পরিবারের জন্য ন্যূনতম চিকিৎসা সুবিধা পাবে। একই সঙ্গে মানুষের মৌলিক রাজনৈতিক অধিকার—ভোট দেওয়ার অধিকার ও কথা বলার অধিকার—যা তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল, তা যেন আবার প্রয়োগ করা যায়।

বিএনপি চেয়ারম্যান বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের মানুষ সেই অধিকার পুনঃপ্রতিষ্ঠা করেছে। পরিস্থিতির এই পরিবর্তনের পর মানুষ এখন সামনে এগিয়ে যেতে চায় এবং ভবিষ্যতের বাংলাদেশকে নতুনভাবে গড়তে চায়।

নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি চাইলে তাদের প্রতিদ্বন্দ্বী দলগুলোর নানা সমালোচনা করতে পারে। তবে শুধু সমালোচনা করলে দেশের সাধারণ মানুষের কোনো উপকার হবে না। “শুধু সমালোচনা করলে কি মানুষের পেট ভরবে?”—প্রশ্ন রাখেন তিনি।

তারেক রহমান বলেন, বিএনপি যতবার সরকারে ছিল, ততবারই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করেছে। সে কারণেই ১৭ বছর পর দেশে ফিরে তিনি সারা দেশের মানুষের সামনে একটি অঙ্গীকার করেছেন—‘উই হ্যাভ এ প্ল্যান’, অর্থাৎ দেশের মানুষ ও দেশকে ঘিরে বিএনপির একটি সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকই তরুণ ও যুবক সমাজ। এই কোটি কোটি তরুণ চায় কাজ, চায় কর্মসংস্থান এবং একটি নিরাপদ ভবিষ্যৎ।

চট্টগ্রামকে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র উল্লেখ করে তারেক রহমান বলেন, চট্টগ্রামের মানুষসহ সারা দেশের মানুষ এমন একটি নিরাপদ পরিবেশ চায়, যেখানে তারা নির্বিঘ্নে ব্যবসা করতে পারবে এবং তাদের সন্তানদের লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পারবে।

তিনি বলেন, বিএনপি সেই বাংলাদেশই গড়তে চায়, যেখানে মানুষের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হবে।