১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আহ্বান: খুলনায় তারেক রহমান

১৬ বছরের দমন-পীড়নের অভিযোগ তুলে পুনর্গঠনের প্রতিশ্রুতি; নারী শিক্ষা ও অংশগ্রহণে জোর

স্টাফ রিপোর্টার,২ ফেব্রুয়ারি ২০২৬,নিউজ চ্যানেল বিডি

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনায় আয়োজিত এক নির্বাচনী জনসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও দেশ পুনর্গঠনের অঙ্গীকার ব্যক্ত করেছেন।

সমাবেশে তিনি বলেন, গত ১৫ থেকে ১৬ বছর বিএনপি আন্দোলন ও সংগ্রাম করেছে এবং এ সময় দলের বহু নেতাকর্মী গুম, খুন ও মামলার শিকার হয়েছেন বলে তিনি অভিযোগ করেন। একইসঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরাও নির্যাতনের মুখে পড়েছেন বলে দাবি করেন তিনি।

তারেক রহমান বলেন, দীর্ঘ সময় দেশের মানুষ অবাধে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। শুধু জাতীয় নির্বাচন নয়, স্থানীয় সরকার নির্বাচনেও জনগণের মতামত প্রতিফলিত হয়নি বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, মতপ্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত ছিল এবং ভিন্নমত দমনে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দল-মত নির্বিশেষে মানুষ রাজপথে নেমে পরিবর্তনের বার্তা দিয়েছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ তাদের বঞ্চিত অধিকার প্রয়োগ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সরকার গঠনের সুযোগ পেলে দেশের পুনর্গঠনকে অগ্রাধিকার দেওয়া হবে উল্লেখ করে তারেক রহমান বলেন, দল-মত, শ্রেণি-পেশা নির্বিশেষে সকলকে নিয়ে দেশ গড়তে হবে। কেবল একটি গোষ্ঠীকে সঙ্গে নিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।

নারী সমাজের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী নারী। তাদের পেছনে রেখে কোনো উন্নয়ন বা পুনর্গঠন সম্ভব নয়। তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময় মেয়েদের বিনামূল্যে শিক্ষা কার্যক্রমের কথা উল্লেখ করে বলেন, নারী শিক্ষার বিস্তারের মাধ্যমে তাদের স্বাবলম্বী করে তোলাই ছিল সেই উদ্যোগের লক্ষ্য।

সমাবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।