স্টাফ রিপোর্ট,৩ ফেব্রুয়ারি ২০২৬,নিউজ চ্যানেল বিডি
আগামীকাল বুধবার বরিশালে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ প্রায় দুই দশক পর তার এই সফরকে কেন্দ্র করে বরিশাল বিভাগজুড়ে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।
জনসভা অনুষ্ঠিত হবে বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক মাঠে। ইতোমধ্যে মঞ্চ নির্মাণ, সাজসজ্জা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা। তারা জানান, বিকেল বা রাতের মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন হবে।
বিএনপি সূত্রে জানা গেছে, বরিশাল বিভাগের ছয় জেলা ও ২১টি সংসদীয় আসন থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক জনসভায় অংশ নেবেন। বিশেষ করে বরিশাল জেলার ছয়টি আসন থেকে ব্যাপক উপস্থিতি আশা করা হচ্ছে।
দলীয় নেতারা বলেন, ২০০৫ সালে তৃণমূল সম্মেলনে অংশ নিতে বরিশাল স্টেডিয়ামে এসেছিলেন তারেক রহমান। এরপর দীর্ঘ সময় পর আবারও তাকে কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন নেতাকর্মীরা। এই সফর ঘিরে তৃণমূল পর্যায়ে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
বিএনপির সিনিয়র নেতারা জানিয়েছেন, দক্ষিণাঞ্চলের রাজনীতিতে এই জনসভা গুরুত্বপূর্ণ বার্তা দেবে। তারেক রহমানের বক্তব্যকে ঘিরে ব্যাপক আগ্রহ রয়েছে বলে জানান তারা। আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী করে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন নেতাকর্মীরা।





