‘তারেক রহমান এখন মানুষের হৃদয়ের প্রধানমন্ত্রী’: ভোলা-বরিশাল সেতুর দাবি পার্থর

ভোলায় শিল্পায়ন ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আহ্বান, ধানের শীষে ভোট চাইলেন আন্দালিব রহমান পার্থ

স্টাফ রিপোর্টার |৪ ফেব্রুয়ারি ২০২৬ নিউজ চ্যানেল বিডি

জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, ১৪ বছর আগে সংসদে দাঁড়িয়ে তিনি তৎকালীন প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেছিলেন তারেক রহমান একদিন দেশে ফিরবেন। এখন সেই কথা বাস্তবে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

একটি জনসভায় দেওয়া বক্তব্যে পার্থ বলেন, আসন্ন নির্বাচনের আগে বিভিন্ন জনসভায় মানুষের উপস্থিতি দেখে তার মনে হয়েছে তারেক রহমান ইতোমধ্যে “মানুষের হৃদয়ের প্রধানমন্ত্রী” হয়ে গেছেন।

তিনি বলেন, ভোলাবাসীর পক্ষ থেকে তিনি আগামীর সরকারের কাছে একটি স্পষ্ট দাবি জানাতে চান। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে ভোলা-বরিশাল সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

পার্থ আরও বলেন, ভোলাকে শিল্পায়নের আওতায় আনতে হবে। তার ভাষায়, “ভোলার গ্যাস কীভাবে নেওয়া হবে, তা নিয়ে অনেক কথা হয়। কিন্তু ভোলাকে কী দেওয়া হবে, সেই কথা কেউ বলে না।”

এ সময় তিনি ভোলায় একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিও জানান। তিনি বলেন, গণতন্ত্র ও জাতীয়তাবাদী শক্তির পক্ষে থেকে তারা রাজনীতি করে এসেছেন এবং ভবিষ্যতেও সেই অবস্থান অব্যাহত থাকবে।

বক্তব্যের শেষাংশে তিনি আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।