স্টাফ রিপোর্টার | ৪ ফেব্রুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের পানি সংকট, বন্যা নিয়ন্ত্রণ ও পরিবেশ রক্ষায় ব্যাপক কর্মপরিকল্পনার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে এবং বৃহৎ পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
এক বক্তব্যে তিনি বলেন, একসময় অল্প গভীরতায় পানি পাওয়া গেলেও এখন দেশের অনেক এলাকায় কয়েকশ ফুট গভীরে নেমেও পানি তুলতে হচ্ছে। ভূগর্ভস্থ পানির স্তর ক্রমেই নিচে নেমে যাচ্ছে, যা ভবিষ্যতের জন্য বড় সংকেত। খাল খনন করা হলে বৃষ্টির পানি সংরক্ষণ সম্ভব হবে এবং তা সেচ কাজে ব্যবহার করা যাবে। এতে কৃষকরা উপকৃত হবেন এবং বন্যার ক্ষয়ক্ষতিও কমানো সম্ভব হবে।
তারেক রহমান বলেন, অতিবৃষ্টি বা সীমান্ত থেকে হঠাৎ পানি প্রবাহের সময় খালগুলো অতিরিক্ত পানি ধারণ করবে। ফলে মানুষের ঘরবাড়ি, ফসল ও গবাদিপশুর ক্ষতি কম হবে। একই সঙ্গে খালের দুই পাড়ে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা যাবে।
তিনি আরও জানান, পানি ব্যবস্থাপনাকে কার্যকর করতে প্রয়োজনে বিভিন্ন স্থানে ব্যারেজ নির্মাণ করা হবে। এতে কৃষি উৎপাদন বাড়বে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।
বৃক্ষরোপণ প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, সারা দেশে সরকারি ও বেসরকারি নার্সারিগুলোকে পরিকল্পিতভাবে কাজে লাগানো হবে। প্রতিটি উপজেলায় সরকারি নার্সারির উৎপাদন বাড়িয়ে বছরে কয়েক কোটি চারা উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বর্ষা মৌসুমে সারা দেশে এসব চারা রোপণ করা হবে। অঞ্চলভেদে উপযোগী গাছ নির্বাচন করে পরিকল্পিতভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই বাংলাদেশ গড়তে পানি সংরক্ষণ ও বৃক্ষরোপণের বিকল্প নেই। সকলের সহযোগিতা পেলে এই কর্মসূচি বাস্তবায়ন সম্ভব হবে।
বক্তব্যের শেষে তিনি দলীয় প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।





