অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রামিসা হত্যা মামলার তদন্ত ও বিচারকে ঐতিহাসিক মাইলফলক উল্লেখ, সীমান্তে অবৈধ পুশ-ইন প্রতিহতে কঠোর অবস্থানের বার্তা

স্টাফ রিপোর্টার, ০৭ জুন, ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার এবং দায়িত্বে গাফিলতির ক্ষেত্রে তিরস্কার ও বিভাগীয় শাস্তির নীতি বহাল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ।

রোববার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধ দমনে সফলতা অর্জনকারী পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে। একই সঙ্গে কোনো ধরনের গাফিলতি, নিষ্ক্রিয়তা বা অন্যায়ের সঙ্গে জড়িত থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি জানান, সম্প্রতি আলোচিত রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডসহ কয়েকটি জটিল মামলার দ্রুত তদন্ত, আসামি গ্রেফতার এবং চার্জশিট দাখিলে পুলিশ অত্যন্ত পেশাদারিত্বের পরিচয় দিয়েছে। এসব ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতিস্বরূপ সংশ্লিষ্ট সদস্যদের পুরস্কৃত করা হবে।

রামিসা হত্যা মামলার রায়কে দেশের বিচারিক ও তদন্ত ইতিহাসে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, অল্প সময়ের মধ্যে ডিএনএ পরীক্ষা ও ময়নাতদন্ত সম্পন্ন করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। বিচারিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে আদালতের বিচারক ও সংশ্লিষ্ট কর্মকর্তারাও ঈদের ছুটি বাতিল করে দায়িত্ব পালন করেছেন।

মামলার ডেথ রেফারেন্স শুনানি দ্রুত সম্পন্ন করার বিষয়ে তিনি বলেন, আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই শুনানির বিষয়টি অগ্রাধিকার দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের দৃষ্টি আকর্ষণ করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের বিচক্ষণতার কারণে অন্তত ৫০ জন বাসযাত্রীর প্রাণ রক্ষা পেয়েছে। এছাড়া মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি কিশোরী হত্যার ক্লুলেস মামলার রহস্য দ্রুত উদঘাটন এবং আসামিদের গ্রেফতার করতেও পুলিশ সফল হয়েছে।

ভারতের নয়াদিল্লিতে ৮ জুন থেকে শুরু হতে যাওয়া বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের চার দিনব্যাপী সীমান্ত সম্মেলন প্রসঙ্গে তিনি বলেন, সীমান্ত হত্যা, অবৈধ পুশ-ইন এবং সামগ্রিক সীমান্ত নিরাপত্তা বিষয়ক বিভিন্ন ইস্যু গুরুত্বের সঙ্গে আলোচনায় স্থান পাবে।

মন্ত্রী বলেন, সীমান্তে অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশ-ইনের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদ সদস্যদের সাম্প্রতিক আলোচনার প্রসঙ্গে তিনি বলেন, অপরাধ ও মাদক দমনে আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। তবে কৌশলগত কারণে বিশেষ অভিযানের তথ্য আগে থেকে প্রকাশ করা হয় না।

তিনি আরও জানান, বিদ্যমান কিছু আইনের দুর্বলতার সুযোগ নিয়ে অপরাধীরা যাতে পার পেয়ে যেতে না পারে, সে লক্ষ্যে সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও জুয়া প্রতিরোধে আধুনিক ও যুগোপযোগী আইন প্রণয়নের কাজ করছে। এসব সংস্কার সম্পন্ন হলে অপরাধীদের বিরুদ্ধে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে।

প্রেস ব্রিফিংয়ে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।