স্টাফ রিপোর্টার | ২০ সেপ্টেম্বর ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করার বিষয়ে সরকার আশাবাদী। আদালত বিচার করবেন এবং আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে চার্জশিট দাখিলের মাধ্যমে সরকার সহযোগিতা করবে।
রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কুমিল্লার ঘটনায় সারাদেশের মানুষ মর্মাহত। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে অপ্রতিমের মরদেহ উদ্ধার এবং ১২ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে সন্দেহভাজন চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও জানান তিনি।
তিনি বলেন, ঘটনায় জড়িত কিশোরদের মধ্যে দুজনের বয়স সম্ভবত ১৮ বছরের বেশি এবং একজনের বয়স কম হতে পারে। তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই করা হচ্ছে। প্রাথমিকভাবে তাদের কিশোর অপরাধ চক্রের মতো মনে হয়েছে। অপ্রতিমের সঙ্গে তাদের বন্ধুত্ব ও নিয়মিত ওঠাবসা ছিল।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তদন্তে দেখা গেছে, অভিযুক্তরা অপ্রতিমের চেয়ে প্রায় ৫ থেকে ১০ বছর বড়। ঘটনার সময় ব্যবহৃত মোবাইল ফোনটি প্রধান সন্দেহভাজন তুহিনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনার সব আলামত পাওয়া গেছে এবং সন্দেহভাজনরা ঘটনা স্বীকার করেছে। পুলিশ এখন অন্যান্য আইনানুগ কার্যক্রম সম্পন্ন করছে।
পুলিশের ভূমিকার প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১২ ঘণ্টার মধ্যে সন্দেহভাজনদের গ্রেপ্তার এবং আলামতসহ অন্যান্য বিষয় জব্দ করতে পুলিশ সক্ষম হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার বিকেল ৩টার দিকে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হয় অপ্রতিম। এরপর সে আর বাসায় ফেরেনি। পরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।





