স্টাফ রিপোর্টার, ১২ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
বিএনপি মহাসচিব বলেছেন, সরকারের একটি বড় ব্যর্থতা হলো তারা এখনো অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান কোনো উন্নতি হয়নি। মঙ্গলবার সকালে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “আমার কাছে মনে হয় না এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি সেই রকম উন্নত হয়েছে। তবে আমি আশাবাদী—নির্বাচন চলাকালে সবাই মিলে পরিস্থিতির আরও উন্নতি করবে।”
ক্রিকেট ইস্যু প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক রাজনীতির প্রশ্ন এখানে জড়িত এবং দেশের সম্মানও বিষয়টির সঙ্গে ওতপ্রোতভাবে সম্পর্কিত। “আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে, আমরা মনে করি এটি আমাদের দেশকেই অপমান করা। সে ক্ষেত্রে ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত,” বলেন তিনি। তবে একই সঙ্গে ছোটখাটো বিষয়গুলো দ্রুত আলোচনার মাধ্যমে সমাধানের ওপরও গুরুত্ব দেন বিএনপি মহাসচিব।
রাজনৈতিক প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিএনপি একটি পরীক্ষিত ও স্বয়ংসম্পূর্ণ রাজনৈতিক দল। অতীতে এককভাবে সরকার পরিচালনার অভিজ্ঞতা রয়েছে দলটির। তিনি দাবি করেন, একদলীয় ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে উত্তরণ, প্রেসিডেনশিয়াল পদ্ধতি থেকে পার্লামেন্টারি ব্যবস্থায় ফেরা, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ অর্জন বিএনপির হাত ধরেই এসেছে।
তিনি আরও বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফার মধ্য দিয়েই এসব সংস্কারকে আরও শক্ত ভিত্তির ওপর দাঁড় করানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে সংস্কার কমিশনের মাধ্যমে যেসব প্রস্তাব গৃহীত হয়েছে, সেগুলোর অধিকাংশই বিএনপির প্রস্তাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে দাবি করেন তিনি।
নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, প্রচারণা শুরু না হলে প্রকৃত পরিস্থিতি বোঝা যাবে না। “এখন সবাই সাংগঠনিক প্রস্তুতি নিচ্ছে। নির্বাচনের প্রকৃত অবস্থা বোঝা যাবে যখন প্রচার শুরু হবে,” বলেন তিনি।
আন্তর্জাতিক ইস্যুতে কথা বলতে গিয়ে মির্জা ফখরুল বলেন, তিস্তা, পদ্মাসহ অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যা আদায়ে ভারতসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পারস্পরিক সম্মান বজায় রেখে কূটনৈতিকভাবে আলোচনা চালানো হবে। সঠিক ও ভারসাম্যপূর্ণ কূটনৈতিক আচরণ নিশ্চিত করা গেলে বিরূপ পরিস্থিতিও কমে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।





