✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮

আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাবেক পাঁচবারের সংসদ সদস্যের কফিনে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা

স্টাফ রিপোর্টার | ১৫ অক্টোবর ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

ঢাকা: সাবেক উপমন্ত্রী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, পাঁচবারের সাবেক সংসদ সদস্য ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মো. আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে মরহুম আব্দুল হাইয়ের জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানান।

জানাজা শেষে আব্দুল হাইয়ের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

জানাজায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং হুইপ মিয়া নুরুদ্দীন আহমেদ অপুসহ জাতীয় সংসদের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মো. আব্দুল হাই বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

নিউজ চ্যানেল বিডি | রাজনীতি ও জাতীয় গুরুত্বপূর্ণ সংবাদে আপনার পাশে।