ইউরোপীয় পার্লামেন্ট প্রতিনিধি দলের সাথে বৈঠক করল বিএনপি নেতারা

ঢাকা, ১৭ সেপ্টেম্বর ২০২৫ : ইউরোপীয় পার্লামেন্টের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপির শীর্ষ নেতারা। বুধবার বিকাল সাড়ে…

ঢাকা, ১৭ সেপ্টেম্বর ২০২৫ : ইউরোপীয় পার্লামেন্টের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপির শীর্ষ নেতারা। বুধবার বিকাল সাড়ে ৪টায় গুলশানে ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসে প্রায় এক ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দলের অন্য সদস্যরা ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

ইউরোপীয় পার্লামেন্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মুনির সাতৌরী। সঙ্গে ছিলেন লুক্সেমবার্গের ইসাবেলা ভিয়েডার-লিমা (ইপিপি), পোল্যান্ডের আরকাদিউস মুলারচিক (ইসিআর), এস্তোনিয়ার উর্মাস পায়েট (রিনিউ ইউরোপ), নেদারল্যান্ডসের কাতারিনা ভিয়েইরা (দ্য গ্রিন্স) প্রমুখ।

বৈঠক শেষে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “ইউরোপীয় ইউনিয়ন প্রত্যাশা করছে বাংলাদেশ যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসুক। আসন্ন নির্বাচন ঘিরেই মূলত আমাদের আলোচনা হয়েছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হোক—ইউরোপীয় ইউনিয়ন এটাই চায়। তারা এ প্রক্রিয়ায় সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে।”

নজরুল ইসলাম খান বলেন, “আমরা শুধু গণতন্ত্র নয়, বাংলাদেশে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতাও আরও বাড়ানোর জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি অনুরোধ জানিয়েছি। তারা এ ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।”

‘প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর)’ পদ্ধতি নিয়ে প্রশ্নের জবাবে বিএনপি নেতারা জানান, এটি আলোচনার বিষয় হয়নি। আমীর খসরু বলেন, “পিআর ব্যবস্থা চালু করতে হলে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে পাস করতে হবে। কয়েকটি দলের সিদ্ধান্তে বিষয়টি সম্ভব নয়।”

নজরুল ইসলাম খান আরও বলেন, “বর্তমান প্রেক্ষাপটে বিএনপির মূল লক্ষ্য একটি সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজন, যাতে জনগণের দীর্ঘ দিনের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণ হয়।”