ইসলামের নামে রাজনীতি করে মুনাফিকি করা বিশ্বাসঘাতকতা: রিজভী

নারীর সম্মান ও স্বাধীনতার ঘোষক বিতর্কে কড়া বক্তব্য

স্টাফ রিপোর্ট,৩ জানুয়ারি ২০২৬,নিউজ চ্যানেল বিডি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ইসলামের নামে রাজনীতি করতে গিয়ে কেউ যদি মিথ্যা ও মুনাফিকির আশ্রয় নেয়, তাহলে তা ইসলামের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। তিনি বলেন, “কোনো প্রকৃত মুসলমান মিথ্যা কথা বলতে পারে না, মুনাফিকি করতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে মুনাফেকদের সম্পর্কে বারবার সতর্ক করেছেন।”

রিজভী অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল ইসলামের কথা বললেও বাস্তবে নারীদের অবমূল্যায়ন করছে। তার ভাষায়, “ইসলাম নারীদের সর্বোচ্চ সম্মান দিয়েছে। আমরা প্রথম ইসলামের শিক্ষা পাই মায়ের কাছ থেকে। মা-ই সন্তানকে নামাজের কথা মনে করিয়ে দেন, জুমার নামাজে যেতে বলেন। মহানবী (সা.)–এর প্রথম অনুসারী ছিলেন হজরত খাদিজা (রা.), যিনি একজন নারী। তাহলে আজ নারীদের অসম্মান কেন?”

সম্প্রতি এক রাজনৈতিক দলের আমিরের নারীদের নিয়ে দেওয়া বক্তব্যে সারাদেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “সারাদেশের নারীরা ক্ষোভে ফেটে পড়েছেন। এখন সেই বিতর্ক আড়াল করতে স্বাধীনতার ঘোষক নিয়ে নতুন করে বিভ্রান্তি তৈরির চেষ্টা চলছে।”

স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে রিজভী বলেন, “সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তার সহকারীরাও বিভিন্ন লেখায় তা সম্মানের সঙ্গে উল্লেখ করেছেন। রাজনৈতিক স্বার্থে ইতিহাস ভিন্নভাবে উপস্থাপন করলে জনগণ তা গ্রহণ করবে না।”

তিনি আরও বলেন, ১৯৭১ সালে হানাদার বাহিনীর বর্বরতার সময় কারা কী ভূমিকা রেখেছিল, তা দেশের মানুষ জানে। স্বাধীনতার ইতিহাস নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য না দেওয়ার আহ্বান জানান তিনি।