ইস্তাম্বুলে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬

বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে আলোচনা সভা, ভিডিও প্রদর্শনী ও বিশেষ দোয়া অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | ৬ আগস্ট ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

ইস্তাম্বুল: তুরস্কের ইস্তাম্বুলে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইস্তাম্বুলে বসবাসরত বিভিন্ন পেশার বাংলাদেশি, কমিউনিটির সদস্য, কনস্যুলেট জেনারেলের কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করা হয়। পরে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন কনস্যুলেটের কর্মকর্তারা। এ সময় জুলাই গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে নির্মিত একটি প্রামাণ্য ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। এরপর দিবসটির গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান বক্তব্যে কনসাল জেনারেল মুহাম্মাদ মীযানুর রহমান জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার এবং বৈষম্যহীন সমাজ গঠনের সংগ্রামে একটি গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে।

কনসাল জেনারেল তরুণ প্রজন্মের আত্মত্যাগ ও অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে তিনি জুলাই গণ-অভ্যুত্থানে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার কথাও বিশেষভাবে উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করেন, শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মকে দেশপ্রেম, দায়িত্ববোধ ও গণতান্ত্রিক মূল্যবোধে আরও সমৃদ্ধ করবে।

উন্মুক্ত আলোচনা পর্বে বাংলাদেশি কমিউনিটির সদস্যরা জুলাই গণ-অভ্যুত্থান দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। তারা আন্দোলনের বিভিন্ন স্মৃতি ও অভিজ্ঞতা ভাগাভাগি করেন এবং জাতীয় ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি ও দেশের উন্নয়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

বক্তারা বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি, জুলাই গণ-অভ্যুত্থানের প্রকৃত ইতিহাস এবং শহীদদের আত্মত্যাগের বার্তা আন্তর্জাতিক অঙ্গনে যথাযথভাবে তুলে ধরতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।