স্টাফ রিপোর্টার | ৯ জানুয়ারি ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ঋণ খেলাপীর তালিকা থেকে কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী মনজুরুল আহসান মুন্সির নাম বাদ দেওয়ার হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত এ আদেশ দেন।
আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার। শুনানি শেষে তিনি সাংবাদিকদের জানান, আদালতের আদেশ অনুযায়ী মনজুরুল আহসান মুন্সি ঋণ খেলাপী হিসেবেই চিহ্নিত থাকবেন। ফলে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না।
এর আগে মনজুরুল আহসান মুন্সির ঋণ খেলাপী সংক্রান্ত বিষয়টি নিয়ে হাইকোর্টে রিট দায়ের করা হলে আদালত তার নাম তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তবে সেই আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করা হলে আজ তা স্থগিত করা হয়।
উল্লেখ্য, কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনজুরুল আহসান মুন্সির নাম আলোচনায় থাকলেও চেম্বার আদালতের এ আদেশে তার প্রার্থিতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ আসনে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে রয়েছেন।





