সিলেট, ৫ সেপ্টেম্বর ২০২৫ (শুক্রবার):
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশের অর্থনীতির রূপকার ছিলেন খ্যাতিমান অর্থনীতিবিদ ও সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। তার কনজারভেটিভ অর্থনৈতিক নীতি অনুসরণ করেই দেশের অর্থনীতি শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়েছিল।
আজ শুক্রবার বিকেলে সিলেট শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতার স্মৃতিচারণ
ড. মঈন খান বলেন, “সাইফুর রহমানের আধুনিক ভ্যাট ব্যবস্থা দেশের অর্থনীতির রক্ষাকবচ ছিল। তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ এই পদ্ধতির বিরোধিতা করেছিল। কিন্তু তার বিচক্ষণতা না থাকলে বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের মুখে পড়ত।”
তিনি আরও বলেন, “আমার বাবা আব্দুল মোমেন খান সাইফুর রহমানের সহকর্মী ছিলেন। আমি নিজেও তার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। তিনি ছিলেন দূরদর্শী ও স্নেহশীল সহকর্মী।”
তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে তিনি বলেন, “এম সাইফুর রহমান জাতিসংঘের সুবর্ণ জন্মে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন এবং বিশ্বব্যাংকের গভর্নর হিসেবে মনোনীত হয়েছিলেন। তরুণদের উচিত তার জীবন ও কর্ম নিয়ে গবেষণা করা।”
অন্যান্য বক্তাদের বক্তব্য
স্মরণসভায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী বলেন, “কৃষিনির্ভর বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে স্বনির্ভর অর্থনীতির দেশ হিসেবে পরিচিত করেছেন এম সাইফুর রহমান।”
সভাপতির বক্তব্যে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, “তার স্মৃতি বলে শেষ করা সম্ভব নয়। তিনি শেষবার সিলেটে এসে বলেছিলেন— ‘দেশনেত্রীর সিদ্ধান্তই দেশের মঙ্গলের জন্য, তাকে ছেড়ে যেও না।’”
কর্মসূচি ও অংশগ্রহণ
এদিন সিলেটের বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া, মিলাদ ও শিরনি বিতরণ অনুষ্ঠিত হয়। এছাড়া জেলা ও মহানগর বিএনপি, এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ এবং মরহুমের পরিবারের পক্ষ থেকে কবর জিয়ারতসহ নানা কর্মসূচি পালিত হয়।
সভায় বিএনপির কেন্দ্রীয়, স্থানীয় নেতা এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।





