স্টাফ রিপোর্টার | ২৬ জুলাই ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ঢাকা: জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের প্রকল্প সেবা কার্যালয় (ইউএনওপিএস)-এর বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সুধীর মুরালিধরনের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
সাক্ষাৎকালে প্রতিনিধিদল আগামী ৮ আগস্ট ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠেয় ‘এসডিজি স্থানীয়করণ বিষয়ক জাতীয় প্রচার অনুষ্ঠান’-এ প্রধান অতিথি হিসেবে যোগদানের জন্য ভারপ্রাপ্ত স্পিকারের কাছে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র হস্তান্তর করে। ব্যারিস্টার কায়সার কামাল আমন্ত্রণ সাদরে গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি জানিয়ে প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান।
বৈঠকে দেশের নারী উন্নয়নের অগ্রগতির কথা তুলে ধরে ভারপ্রাপ্ত স্পিকার বলেন, বাংলাদেশে নারী শিক্ষা ও রাজনৈতিক ক্ষমতায়নের সুদৃঢ় ভিত্তি স্থাপনে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
তিনি বলেন, সেই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সমতাভিত্তিক সুশাসন প্রতিষ্ঠা এবং কার্যকর ও শক্তিশালী নেতৃত্ব নিশ্চিত করতে যুগোপযোগী ও দূরদর্শী পদক্ষেপ গ্রহণ করে চলেছেন, যা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইউএনওপিএস-এর মধ্যে এসডিজি বাস্তবায়নে চলমান সহযোগিতা আরও জোরদার করার বিষয়েও উভয় পক্ষ মতবিনিময় করেন।





