ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দিন: সালাউদ্দিন আহমেদ

ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড ও কৃষি কার্ড বাস্তবায়নের প্রতিশ্রুতি; শিক্ষা ও কর্মসংস্থানে বৈপ্লবিক পরিবর্তনের অঙ্গীকার

স্টাফ রিপোর্টার,১ ফেব্রুয়ারি ২০২৬,নিউজ চ্যানেল বিডি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের পক্ষে শক্তি বলে মন্তব্য করেছেন দলটির নেতা সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশি জাতীয়তাবাদের পরিচয় প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমানে তারেক রহমানের নেতৃত্বে দল এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, দেশে গণতন্ত্র বারবার বাধাগ্রস্ত হয়েছে, কিন্তু বিএনপির নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে তা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। জনগণের মালিকানা নিশ্চিত করে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলাই দলের লক্ষ্য।

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, সারাদেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে একটি সুস্পষ্ট পরিকল্পনা নিয়ে দল জনগণের সামনে এসেছে।

তিনি জানান, ক্ষমতায় গেলে প্রথমেই ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে, যার মাধ্যমে পরিবারের প্রধান নারী সদস্যকে স্বীকৃতি ও অর্থনৈতিক সহায়তা দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে নিম্নআয়ের পরিবারগুলো নিত্যপ্রয়োজনীয় পণ্যের একটি অংশ সহায়তা হিসেবে পাবে। পর্যায়ক্রমে দেশের কয়েক কোটি পরিবারের কাছে এই সুবিধা পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি।

স্বাস্থ্যসেবার ক্ষেত্রে ‘স্বাস্থ্য কার্ড’ চালুর প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, প্রতিটি নাগরিক সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পাবে এবং প্রয়োজনে বেসরকারি হাসপাতালেও সরকারি সহায়তায় উন্নত চিকিৎসার সুযোগ পাবে।

কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালুর পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজ শর্তে ঋণ, ন্যায্যমূল্যে কৃষি উপকরণ এবং উৎপাদিত পণ্যের সঠিক দাম নিশ্চিত করতে পারবেন। পাশাপাশি পচনশীল কৃষিপণ্য সংরক্ষণের জন্য আধুনিক সংরক্ষণাগার স্থাপনের কথাও বলেন তিনি।

শিক্ষা খাতে বৈপ্লবিক পরিবর্তনের অঙ্গীকার করে সালাউদ্দিন আহমেদ বলেন, কেবল ডিগ্রি নয়, দক্ষতা ভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে। প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত একটি বিদেশি ভাষা শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি চর্চা এবং কারিগরি প্রশিক্ষণ বাধ্যতামূলক করার পরিকল্পনার কথা জানান তিনি। এতে শিক্ষার্থীরা দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাবে এবং দক্ষ জনশক্তি হিসেবে বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রাখবে।

তিনি বলেন, দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারলে এসব কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব। অতীতে অর্থ পাচারের যে অভিযোগ রয়েছে, তার সামান্য অংশ ফিরিয়ে আনতে পারলেও এসব পরিকল্পনা বাস্তবায়ন করা যাবে বলে দাবি করেন তিনি।

সবশেষে তিনি বলেন, ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র, সুশাসন ও উন্নয়নের লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনগণকে রায় দেওয়ার আহ্বান জানান।