স্টাফ রিপোর্টার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। আর গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে।
রোববার দুপুরে বঙ্গভবনে দেশের ৩৩টি জেলা পরিষদের প্রশাসক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম ব্রিফিংয়ের সময় বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) এ তথ্য জানান।
স্থানীয় সরকার গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি
রাষ্ট্রপতি স্থানীয় সরকারকে গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে ফ্যাসিস্ট আমলের রেখে যাওয়া দুর্নীতি থেকে বেরিয়ে আসতে জেলা পরিষদের প্রশাসকদের সক্রিয় ও সজাগ থেকে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সাক্ষাৎকালে জেলা পরিষদের প্রশাসকরা তাদের পদমর্যাদা বৃদ্ধিসহ বিভিন্ন দাবি রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।
তাদের আশ্বস্ত করে রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। জনগণের সমস্যাগুলো সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
ক্ষমতার বিকেন্দ্রীকরণে স্থানীয় সরকারকে গুরুত্ব
রাষ্ট্রপতি বলেন, ক্ষমতার বিকেন্দ্রীকরণে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে সরকার গুরুত্বসহকারে কাজ করছে।
গণতন্ত্র পুনরুদ্ধার এবং দীর্ঘকাল ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে জেলা পরিষদের প্রশাসকদের সক্রিয় অংশগ্রহণের কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন রাষ্ট্রপতি।
নাগরিক সেবা ও প্রশাসনিক স্বচ্ছতার নির্দেশ
রাষ্ট্রপতি জেলা পরিষদগুলোর উন্নয়নমূলক কর্মকাণ্ডে গতিশীলতা আনা, স্থানীয় পর্যায়ে নাগরিক সেবা নিশ্চিত করা এবং প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।





