✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮

গুগলের সদর দফতর পরিদর্শনে বাংলাদেশের মন্ত্রীপর্যায়ের প্রতিনিধিদল

শিক্ষা আধুনিকায়ন, এআই ও ডিজিটাল দক্ষতায় সহযোগিতা নিয়ে আলোচনা

স্টাফ রিপোর্টার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

ঢাকা: বাংলাদেশের মন্ত্রীপর্যায়ের একটি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউয়ে গুগলের সদর দফতর পরিদর্শন করেছে। এ সময় গুগলের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল দক্ষতা, ক্লাউড কম্পিউটিং, সাইবার নিরাপত্তা এবং দায়িত্বশীল প্রযুক্তি ব্যবহারে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে এ সফর অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা হোসাইন রাশেদ আল মাহমুদ তিতুমীরের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ কামরুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম এবং লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের কনসাল জেনারেল কাজী মুহাম্মদ জাবেদ ইকবালও বৈঠকে অংশ নেন।

গুগলের পক্ষে নেতৃত্ব দেন গুগল ফর এডুকেশনের স্ট্র্যাটেজি অ্যান্ড অপারেশন্স বিভাগের ভাইস প্রেসিডেন্ট দিব্যা জানি। গুগলের কর্মকর্তাদের মধ্যে মারা রিতুচ্চি, আবু সালেহ, গ্রেস কেলি এবং মারিয়া তুবিওসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা আলোচনায় অংশ নেন।

আলোচনায় বিশেষ গুরুত্ব পায় গুগল ফর এডুকেশন এবং প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের শেখার ফলাফল উন্নত করার সম্ভাবনা।

বৈঠকে ডিজিটাল দক্ষতা উন্নয়ন, ক্লাউড কম্পিউটিং, সাইবার নিরাপত্তা এবং দায়িত্বশীল প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও ভবিষ্যৎ সহযোগিতার সুযোগ নিয়ে মতবিনিময় করা হয়।