✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮

গ্যাস সংকট মোকাবিলায় ৫২টি নতুন কূপ খননের সিদ্ধান্ত সরকারের:মীর শাহে আলম

ভোলা, নোয়াখালী ও তিতাস গ্যাসক্ষেত্রে নতুন গ্যাস প্রাপ্তির সুখবর: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্টাফ রিপোর্টার | ৫ নভেম্বর ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

ঢাকা: দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, বিগত ২০ বছরে নতুন কূপ খনন না করার কারণে দেশে যে গ্যাসের ঘাটতি তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে সরকার ৫২টি নতুন কূপ খননের সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে ভোলা, নোয়াখালী ও তিতাস গ্যাসক্ষেত্র থেকে নতুন গ্যাস প্রাপ্তির সুখবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় ১৪তম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা-২০২৬-এর উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। পরে গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে সরকারের উদ্যোগ সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

দেশের কৃষি খাতের আধুনিকায়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষিকে প্রযুক্তিনির্ভর ও টেকসই ব্যবস্থায় রূপান্তরের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত চলবে এ মেলা। এতে স্মার্ট কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রিসিশন এগ্রিকালচারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, সরকার কৃষকদের মেধার মূল্যায়ন, গবেষকদের বেতন-ভাতা বৃদ্ধি এবং সমাজে তাঁদের সম্মান ও মর্যাদা বাড়ানোর বিষয়ে কাজ করছে। প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় এবারের মেলায় ১২টি দেশের প্রায় ২৫০টি কৃষি প্রতিষ্ঠানের অংশগ্রহণে ৫৩টি স্টলে বিভিন্ন আধুনিক কৃষি প্রযুক্তি ও উদ্ভাবন প্রদর্শন করা হচ্ছে। এসব উদ্যোগ দেশের কৃষি অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।

তিনি উল্লেখ করেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ এবং আরডিএর মতো প্রতিষ্ঠানের মাধ্যমে ভূগর্ভস্থ পাইপলাইনে পানি সরবরাহ করে কৃষিতে প্রায় ৪০ শতাংশ পানি সাশ্রয় করা সম্ভব হয়েছে। পাশাপাশি সারের সঠিক ব্যবহার, অতিরিক্ত সার প্রয়োগ রোধ এবং জৈব সারের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

উত্তরাঞ্চলে উদ্বৃত্ত আলু থেকে স্টার্চ পাউডার তৈরির কারখানা স্থাপনের ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব হবে। পাশাপাশি বগুড়া বিমানবন্দরকে কার্গো সুবিধাসহ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের পরিকল্পনা রয়েছে সরকারের। এর ফলে উত্তরাঞ্চলের আলু ও শাকসবজি বিদেশে রপ্তানি সহজ হবে।

তিনি আরও বলেন, কৃষি উৎপাদন ব্যবস্থায় আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতির ব্যবহার সম্প্রসারণের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানো, উৎপাদন ব্যয় কমানো এবং কৃষকের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আরডিএর মহাপরিচালক আব্দুল মজিদ প্রামাণিক বলেন, কৃষির বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার বিকাশ, কৃষি যান্ত্রিকীকরণ এবং উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের সময় এসেছে। এ জন্য কৃষি গবেষণা, শিক্ষা, প্রযুক্তি উদ্ভাবন ও শিল্প খাতের মধ্যে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠা প্রয়োজন।

সভাপতির বক্তব্যে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. রফিকুল ই মোহামেদ কৃষি প্রযুক্তির সম্প্রসারণ, গবেষণালব্ধ জ্ঞানের মাঠপর্যায়ে প্রয়োগ এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে কৃষি খাতের টেকসই উন্নয়নে এ ধরনের আন্তর্জাতিক প্রদর্শনীর গুরুত্ব তুলে ধরেন।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়া এবং লিমরা ট্রেড ফেয়ার্স অ্যান্ড এক্সিবিশনসের যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে। এতে ১২টি দেশের প্রায় ২৫০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মোট ৫৩টি স্টলে আধুনিক কৃষি প্রযুক্তি, কৃষি যান্ত্রিকীকরণ, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, কৃষিপণ্য সংরক্ষণ এবং কৃষিসংশ্লিষ্ট বিভিন্ন প্রযুক্তি ও উদ্ভাবন প্রদর্শন করা হচ্ছে।