✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮

বাংলাদেশ-ইউএইর মধ্যে দ্রুত সিইপিএ চুক্তি সম্পাদনের তাগিদ

বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে দুই দেশের উদ্যোগ, বাংলাদেশের বন্দর অবকাঠামোতে বিনিয়োগের বিষয়েও আলোচনা

স্টাফ রিপোর্টার | ৩ নভেম্বর ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

ঢাকা: বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যে দ্রুত একটি সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) সম্পাদনের ওপর গুরুত্বারোপ করেছে উভয় দেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার অ্যান্টিগুয়া ও বার্বুডার সেন্ট জনসে বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির এবং সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম বিনতে ইব্রাহিম আল হাসিমির মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

২৮তম কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠক (সিএইচওজিএম)-এর ফাঁকে এ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা। এ সময় প্রস্তাবিত সিইপিএ চুক্তি দ্রুত সম্পাদন ও কার্যকর করার ওপর উভয় পক্ষ গুরুত্বারোপ করেন।

বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজারে দক্ষ ও আধা-দক্ষ বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। একই সঙ্গে দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।

এ ছাড়া বাংলাদেশের বন্দর অবকাঠামোতে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগের সম্ভাবনা এবং বিভিন্ন বহুপক্ষীয় ফোরামে দুই দেশের পারস্পরিক সমর্থনের বিষয়টি বৈঠকে উঠে আসে।

রোহিঙ্গা সংকট নিয়েও বৈঠকে আলোচনা হয়। সংকটের মূল কারণগুলো মোকাবিলা এবং এর স্থায়ী সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করার বিষয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাত।

দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং আন্তর্জাতিক অঙ্গনে পারস্পরিক সহযোগিতা জোরদারে এ বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।