স্টাফ রিপোর্টার | ২৫ জুলাই ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
যশোর: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্যাস গ্রিডে গ্যাস সরবরাহে যে সাময়িক সমস্যা সৃষ্টি হয়েছে, তা দ্রুততম সময়ের মধ্যে সমাধানের জন্য সর্বশক্তি নিয়োগ করা হয়েছে।
শনিবার দুপুরে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপতথ্য প্রতিরোধ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, অচিরেই গ্যাস সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক হবে। পাওয়ার প্লান্ট, শিল্পকারখানা, বাসাবাড়ি ও সিএনজি স্টেশনে গ্যাসের চাপ আগের মতো ফিরে আসবে বলে তিনি আশ্বাস দেন।
তিনি জানান, দেশের দুটি এফএসআরইউ (ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট) আমদানিকৃত এলএনজি গ্যাসকে রিগ্যাসিফাই করে জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ করে। বর্তমানে একটি এফএসআরইউতে কারিগরি সমস্যা দেখা দেওয়ায় সাময়িকভাবে সরবরাহে বিঘ্ন ঘটেছে।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ত্রুটিপূর্ণ এফএসআরইউ মেরামতে একটি বেসরকারি প্রতিষ্ঠান ও পেট্রোবাংলা যৌথভাবে কাজ করছে এবং জ্বালানি বিভাগ সার্বক্ষণিক পরিস্থিতি তদারকি করছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপতথ্য প্রতিরোধে নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, নৈতিক মূল্যবোধের অভাব থেকেই একশ্রেণির মানুষ রাজনৈতিক ও সামাজিক প্রতিপক্ষকে ঘায়েল করতে গুজব ও অপতথ্য ছড়াচ্ছে। এ প্রবণতা রোধে সমাজে নৈতিক শিক্ষার চর্চা বাড়াতে হবে।
তিনি বলেন, অতীতে সমাজে নৈতিক শিক্ষার যে শক্ত ভিত্তি ছিল, বর্তমানে প্রাতিষ্ঠানিক ও বৈষয়িক অগ্রগতির পরও সেই মূল্যবোধের কিছুটা ঘাটতি দেখা দিয়েছে। সমাজে নৈতিক মূল্যবোধ পুনঃপ্রতিষ্ঠায় শিক্ষক, অভিভাবক এবং দায়িত্বশীল নাগরিকদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। এছাড়া এনএসআই, পুলিশ, ধর্মীয় ও সামাজিক সংগঠন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরাও বক্তব্য রাখেন।





