স্টাফ রিপোর্টার | ২ জুন ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
প্রধানমন্ত্রী কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের একটি ১৫ সদস্যের প্রতিনিধিদল প্রশিক্ষণে অংশ নিতে চীন সফরে গেছেন। মঙ্গলবার (২ জুন) বেলা ২টায় চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, চীন সরকার ও ঢাকায় চীনা দূতাবাসের সহযোগিতায় আয়োজিত একটি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে প্রতিনিধি দলটি চীন সফরে গেছে। তিনি বলেন, প্রশিক্ষণটি চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরে অনুষ্ঠিত হবে এবং আগামী ৮ জুন পর্যন্ত চলবে।
প্রতিনিধি দলে রয়েছেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জকরিয়া, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, একান্ত সচিব-১ মোহাম্মদ মামুন শিবলী, একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম, পরিচালক মনিরুল ইসলাম পাটোয়ারি, আনোয়ার উল হালিম, মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার, মো. মাহবুবুর রহমান, প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন, অ্যাসাইনমেন্ট অফিসার-২ এসএম পারভেজ, গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারি এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাইল জবিহউল্লাহর একান্ত সচিব তারিখ হাসান। এছাড়া প্রতিনিধি দলে আরও রয়েছেন জুলিয়া মঈন, জেসমিন আক্তার ও মোহাম্মদ জাব্বার।
সফরের আগে সোমবার ঢাকায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত Yao Wen বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে সাম্প্রতিক সময়ে উচ্চপর্যায়ের যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার হয়েছে। তিনি উল্লেখ করেন, এই প্রশিক্ষণ কর্মসূচি দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং অভিজ্ঞতা বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কর্মকর্তারা চীনের উন্নয়ন ও আধুনিকায়নের অভিজ্ঞতা থেকে অর্জিত জ্ঞান বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে কাজে লাগাতে সক্ষম হবেন।





