স্টাফ রিপোর্টার | ২৫ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় পবিত্র ঈদ-উল-আযহা-২০২৬ উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে ডিএসসিসি।
আজ অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম জানান, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিপরিষদের সদস্য, বিচারপতি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং বিদেশি কূটনীতিকরা জাতীয় ঈদগাহের প্রধান জামাতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
তিনি বলেন, আধুনিক সুযোগ-সুবিধা, উন্নত নিরাপত্তা ব্যবস্থা এবং নারী-পুরুষের জন্য পৃথক ব্যবস্থাপনার মাধ্যমে ঈদ জামাতকে সুশৃঙ্খল ও আরামদায়ক করতে ব্যাপক আয়োজন করা হয়েছে।
ডিএসসিসি সূত্রে জানা যায়, জাতীয় ঈদগাহ ময়দানের মোট ক্ষেত্রফল প্রায় ৩০ হাজার বর্গমিটার। এর মধ্যে প্যান্ডেলের আয়তন ২৫ হাজার ৪০০ বর্গমিটার। ১২১টি কাতারে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।
বিশেষ ব্যবস্থার আওতায় ভিআইপি পুরুষদের জন্য ২৫০ জন এবং নারীদের জন্য ৮০ জনের আসন সংরক্ষণ করা হয়েছে। এছাড়া সাধারণ মুসল্লিদের মধ্যে প্রায় ৩১ হাজার পুরুষ এবং প্রায় সাড়ে ৩ হাজার ৫০০ নারী মুসল্লির জন্য পৃথক নামাজের ব্যবস্থা রাখা হয়েছে।
ঈদগাহে প্রবেশের জন্য মোট চারটি ফটক রাখা হয়েছে। এর মধ্যে ভিআইপিদের জন্য একটি, সাধারণ পুরুষ মুসল্লিদের জন্য দুটি এবং নারী মুসল্লিদের জন্য একটি পৃথক ফটক থাকবে। অন্যদিকে বহির্গমনের জন্য সাতটি ফটকের ব্যবস্থা করা হয়েছে।
জামাতের জন্য নির্ধারিত ১২১টি কাতারের মধ্যে ভিআইপি পুরুষদের জন্য পাঁচটি, নারীদের জন্য একটি, সাধারণ পুরুষ মুসল্লিদের জন্য ৬৫টি বড় কাতার এবং নারী মুসল্লিদের জন্য ৫০টি ছোট কাতার রাখা হয়েছে।
অজুখানায় একসঙ্গে প্রায় ১৪০ জন মুসল্লি অজু করতে পারবেন। এর মধ্যে পুরুষদের জন্য ১১৩ জন এবং নারীদের জন্য ২৭ জনের পৃথক ব্যবস্থা রাখা হয়েছে।
মুসল্লিদের সুবিধার্থে ঈদগাহে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, পর্যাপ্ত ফ্যান ও আলোর ব্যবস্থা, নিরাপদ খাবার পানি, নামাজের জন্য কার্পেট এবং ভিআইপি কাতারে জায়নামাজ সরবরাহ করা হবে। নারীদের জন্য পৃথক প্রবেশপথ ও নামাজ আদায়ের বিশেষ ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।
ঈদ জামাতকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি প্রাথমিক চিকিৎসা সেবা, ভ্রাম্যমাণ টয়লেট, বৃষ্টির পানি নিষ্কাশন ব্যবস্থা এবং বৃষ্টিনিরোধক সামিয়ানার ব্যবস্থাও করা হয়েছে।
এছাড়া মুসল্লিদের আকর্ষণ করতে জাতীয় ঈদগাহে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন তিনটি ফটক। আয়োজকরা জানিয়েছেন, নিরাপদ, স্বস্তিদায়ক ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে ঈদের নামাজ আদায়ের জন্য সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।





