স্টাফ রিপোর্টার | ৫ জুন ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
চট্টগ্রাম সার্কিট হাউসের পাশে অবস্থিত জিয়া স্মৃতি জাদুঘর সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন আহমেদ আযম খান।
শুক্রবার (৫ জুন) বেলা ১১টার দিকে জাদুঘরটি পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বিগত সরকারের ‘প্রতিহিংসামূলক রাজনীতির’ কারণে অবহেলা ও অযত্নে পড়ে থাকা ঐতিহাসিক এ স্থাপনাকে আবারও তার স্বমহিমায় ফিরিয়ে আনা হবে। বর্তমানে জাদুঘরের কয়েকটি কক্ষ সংস্কারের জন্য খালি রাখা হয়েছে। আধুনিকায়নের মাধ্যমে সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর স্মৃতি ও ব্যবহৃত বিভিন্ন নিদর্শন সংরক্ষণ করা হবে।
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, এরশাদ উল্লাহ, মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, ইদ্রিস মিয়াসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, বাংলাদেশের অভ্যুদয়ে মেজর জিয়া থেকে রাষ্ট্রপতি জিয়া—ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে তাঁর ভূমিকা দেশকে আলোড়িত ও সমৃদ্ধ করেছে। সেই স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যেই এ জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে।
তিনি আরও জানান, সংস্কারাধীন কক্ষগুলোর কাজ শেষ হলে সেখানে জিয়াউর রহমানের স্মৃতিচিহ্ন ও বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ ও প্রদর্শনের ব্যবস্থা করা হবে। ফলে জাদুঘরটি নতুন আঙ্গিকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা সম্ভব হবে।





