স্টাফ রিপোর্টার | ০৪ আগস্ট ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই আন্দোলনের সকল অংশীজনের সঙ্গে আলোচনা করেই সংবিধান সংশোধনের চূড়ান্ত রূপ নির্ধারণ করা হবে।
মঙ্গলবার সংসদ ভবনের কেবিনেট কক্ষে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির প্রথম বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বৈঠকে কমিটির সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবেদীন, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আন্দালিভ রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক, ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, এমপি সাকিলা ফারজানা এবং মো. মাহমুদুল হক রুবেল উপস্থিত ছিলেন।
বৈঠকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান সংশোধনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। কমিটি এ বৈঠককে জাতির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করে।
কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, সংবিধান সংশোধনের আগে জুলাই যোদ্ধা, জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য, সংবিধান বিশেষজ্ঞ, সুপ্রিম কোর্টের আইনজীবী, অবসরপ্রাপ্ত বিচারক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের সদস্য, বিরোধী দলের সদস্যসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে ধারাবাহিক আলোচনা করা হবে।
কমিটি জানায়, সংবিধান সংশোধনের প্রক্রিয়াকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হবে যাতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষ নিজেদের এ প্রক্রিয়ার অংশীদার মনে করেন। একই সঙ্গে এমন একটি সংবিধান সংশোধনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কল্যাণকর হবে।
বৈঠকে আরও উল্লেখ করা হয়, জুলাই আন্দোলনের চেতনা এবং জুলাই সনদকে ধারণ করেই সংবিধান সংশোধনের কার্যক্রম পরিচালিত হবে।
বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ও সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, আইন ও বিচার বিভাগের সচিব, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব এবং আইন মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





