স্টাফ রিপোর্টার | ১৯ জুলাই ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ঢাকা: জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে চলমান বিতর্কের অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।
রোববার সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল এডিটরস কাউন্সিল আয়োজিত জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, জুলাই সনদকে ঘিরে সৃষ্টি হওয়া বিতর্ক আলোচনার মাধ্যমেই সমাধান করতে হবে। এ লক্ষ্যে তিনি বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দিয়ে গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানান।
তিনি বলেন, জুলাই আন্দোলন নতুন রাষ্ট্র গঠনের যে সুযোগ সৃষ্টি করেছে, তা বাস্তবায়ন করতে হবে। ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকারের প্রতি জনগণের প্রত্যাশা রয়েছে এবং বিএনপি নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে।
মন্ত্রী আরও বলেন, অনেক আন্দোলন হয়েছে। এখন সংসদে আলোচনা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্মকে আর সহিংসতার পথে যেতে না হয়।
তিনি বিরোধী দলকে সব বিষয়ে বিরোধিতার মানসিকতা থেকে বেরিয়ে এসে জাতীয় স্বার্থে সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানান।
গণমাধ্যমসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তোষামোদির সংস্কৃতি বিদ্যমান উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এ অবস্থা থেকে বেরিয়ে আসতে বড় ধরনের পরিবর্তন প্রয়োজন। তিনি বলেন, ১৬ বছরের অপকর্মের প্রভাব এত অল্প সময়ে দূর করা সম্ভব নয়।





