স্টাফ রিপোর্টার, ১ মার্চ ২০২৬ , নিউজ চ্যানেল বিডি
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছেন।
আজ সকাল ৯টায় নিজের নির্বাচনী এলাকায় অবস্থিত হাসপাতালটি পরিদর্শন করেন তিনি। ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে দেখার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, হাসপাতালটি তার কাছে পরিস্কার-পরিচ্ছন্ন মনে হয়েছে, তবে পরিচালনা ব্যবস্থা আরও জোরদার করার প্রয়োজন রয়েছে।
সাধারণ মানুষকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য যা প্রয়োজন, তার তালিকা দিলে সব ধরনের সহায়তা দেওয়া হবে বলে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফিরোজ জুয়েলকে আশ্বস্ত করেন মন্ত্রী।
বিএনপি মহাসচিব বলেন, ডাক্তার, নার্স ও কর্মীরা ঠিকমত দায়িত্ব পালন করলে সেবার মান উন্নয়ন সম্ভব। তিনি সিভিল সার্জনকে পুরো জেলার স্বাস্থ্যব্যবস্থা জনসাধারণের সেবার উপযোগী করে গড়ে তোলার ব্যাপারে জোর ভূমিকা রাখার পরামর্শ দেন।
মির্জা ফখরুল আরও জানান, খুব শিগগিরই জেলায় একটি মেডিকেল কলেজ স্থাপন করা হবে। এতে জেলার স্বাস্থ্যব্যবস্থা ব্যাপকভাবে উন্নত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।





