ডাকসু নির্বাচনে নিরাপত্তায় সেনা মোতায়েন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড….

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন জানিয়েছেন, নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, আসন্ন ডাকসু নির্বাচনে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। প্রথম স্তরে দায়িত্বে থাকবেন বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি সদস্য ও প্রক্টোরিয়াল টিম। দ্বিতীয় স্তরে থাকবেন পুলিশ সদস্যরা। আর তৃতীয় স্তরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাতটি প্রধান প্রবেশপথে ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে অবস্থান নেবে সেনাবাহিনী।

নির্বাচন কমিশন জানিয়েছে, প্রয়োজন অনুযায়ী সেনাবাহিনী ক্যাম্পাসের ভেতরেও প্রবেশ করতে পারবে। ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণার আগ পর্যন্ত সেনা সদস্যরা ভোটকেন্দ্র ঘিরে রাখবেন, যাতে কোনো বহিরাগত বা অননুমোদিত ব্যক্তি প্রবেশ করতে না পারে। এছাড়া, ভোট গণনার সময় নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বাইরে কাউকে কেন্দ্রের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

আবাসিক হলগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচন শুরুর সাত দিন আগে থেকে কোনো বহিরাগতকে হলে অবস্থান করতে দেওয়া হবে না। এ জন্য নিয়মিত টহলের ব্যবস্থা থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।