ঢাকা-ওয়াশিংটনের উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্তের প্রত্যাশা

কৃষি, অবকাঠামো ও নবায়নযোগ্য জ্বালানিতে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব

কৃষি, অবকাঠামো ও নবায়নযোগ্য জ্বালানিতে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব
স্টাফ রিপোর্টার | ২৭ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

সচিবালয়ে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সহযোগিতা ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে মন্ত্রী বলেন, উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা ও ওয়াশিংটন। তিনি বাংলাদেশের চলমান উন্নয়ন কার্যক্রমে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে পানি সরবরাহ, কৃষি, অবকাঠামো উন্নয়ন ও গ্রামীণ যোগাযোগ খাতকে আরও শক্তিশালী করতে প্রযুক্তিগত সহায়তা, গবেষণা এবং বিনিয়োগ বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশকে বিনিয়োগের জন্য সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে উল্লেখ করে বিদেশি বিনিয়োগকারীদের স্বাগত জানান এবং উন্নয়ন কার্যক্রমে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানোর ওপর জোর দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে এ অঞ্চলের গবেষণা প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে এবং ভবিষ্যতে এ সহযোগিতা আরও সম্প্রসারিত হবে।

অন্যদিকে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট খাতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে কৃষি, জ্বালানি সহায়তা এবং সোলার প্যানেলসহ নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তিনি।

বৈঠক শেষে উভয় পক্ষই আশা প্রকাশ করেন, পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের উন্নয়ন ও অগ্রগতির ধারা ভবিষ্যতে আরও বেগবান হবে।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।