স্টাফ রিপোর্টার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ঢাকা মহানগরীতে চলমান ও গৃহীতব্য মেগা প্রকল্পগুলোর নির্মাণকাজের কারণে সৃষ্ট যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব সংস্থা ও অংশীজনের সমন্বয়ে প্রতি ১৫ দিন পরপর সমন্বয় সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ মঙ্গলবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘ঢাকা মহানগরীতে চলমান ও গৃহীতব্য মেগা প্রকল্পসমূহের নির্মাণকাজের কারণে উদ্ভূত যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখার লক্ষ্যে সংশ্লিষ্ট সকল সংস্থা ও অংশীজনদের সমন্বয়ে অনুষ্ঠিত সভা’ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।
উন্নয়নকাজে আন্তঃসংস্থা সমন্বয়ের ওপর গুরুত্ব
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা সিটি ও আশপাশের সব উন্নয়নমূলক কাজ যাতে সমন্বিতভাবে সম্পন্ন হয়, সেজন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের সঙ্গে এ সমন্বয় সভা করা হয়েছে।
এক সংস্থা কাজ শেষ করার পরপরই আরেক সংস্থা একই স্থানে পুনরায় খোঁড়াখুঁড়ি না করে, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, সরকারের প্রধান উদ্দেশ্য নগরবাসীকে স্বস্তি দেওয়া, ভোগান্তি কমানো এবং জনস্বার্থে সময় ও অর্থের অপচয় রোধ করা।
বিশেষ করে বর্ষা মৌসুমে রাস্তা খোঁড়াখুঁড়ির প্রবণতা প্রকট আকার ধারণ করে উল্লেখ করে তিনি বলেন, আন্তঃসংস্থা সমন্বয়ের মাধ্যমে একই সময়ে ইউটিলিটি শিফটিং ও অন্যান্য নির্মাণকাজ সম্পন্ন করার বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
মেগা প্রকল্প তদারকিতে ফোকাল পয়েন্ট
সালাহউদ্দিন আহমদ বলেন, চলমান এমআরটি, সেতু কর্তৃপক্ষ, সড়ক বিভাগ, সিটি করপোরেশন, ওয়াসা ও ডেসাসহ অন্যান্য সংস্থার মেগা প্রকল্পগুলোর কাজ তদারকির জন্য ফোকাল পয়েন্ট নির্ধারণ করা হয়েছে।
সার্বিক কাজের অগ্রগতি পর্যালোচনার জন্য প্রতি ১৫ দিন পরপর সমন্বয় সভা অনুষ্ঠিত হবে। প্রয়োজন অনুযায়ী কর্মকর্তা পর্যায়ে সাব-কমিটির মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগও রাখা হবে বলে জানান তিনি।
এআইভিত্তিক ট্রাফিক ব্যবস্থা চালু
নগরীতে ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনা ও যানজট নিরসনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-ভিত্তিক আধুনিক ট্রাফিক সিস্টেম চালু করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এর ফলে যান চলাচলে দৃশ্যমান শৃঙ্খলা আসছে এবং নগরবাসী এর সুফল পাচ্ছেন।
তিনি বলেন, ট্রাফিক বিভাগের সঙ্গে সমন্বয় করে ইউটিলিটি শিফটিংয়ের কাজ পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
রাজধানীর ওপর ট্রাফিকের চাপ কমাতে গাবতলী, মহাখালী ও ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড শহরের বাইরে স্থানান্তরের সিদ্ধান্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি। ইতোমধ্যে জমি অধিগ্রহণ ও সার্বিক পরিকল্পনার কাজ চলছে।
ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নীতিমালা
রাজধানীর যানজটের অন্যতম কারণ হিসেবে ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচলকে চিহ্নিত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মূল সড়কে থ্রি-হুইলার বা ছোট যানবাহনের চলাচল শৃঙ্খলাবহির্ভূত।
ব্যাটারিচালিত অটোরিকশাকে একটি নীতিমালার আওতায় আনার প্রক্রিয়া চলছে জানিয়ে তিনি বলেন, আকস্মিকভাবে কাউকে পুরোপুরি বেকার না করে পর্যায়ক্রমে শৃঙ্খলার মধ্যে আনা হচ্ছে।
বিভিন্ন পিলারের অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে গড়ে ওঠা চার্জিং পয়েন্টের বিরুদ্ধে সরকার সাঁড়াশি অভিযান শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, ইতোমধ্যে অসংখ্য অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
নির্বাচন কমিশন ঘোষিত স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সূচি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন সাংবিধানিক ও আইনগত এখতিয়ার অনুযায়ী কাজ করে। তবে স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের প্রয়োজন রয়েছে।
তিনি বলেন, নির্বাচন কমিশন যে সম্ভাব্য সূচি প্রকাশ করেছে, তা চূড়ান্ত সিদ্ধান্ত নয়। আগামী ১৭ সেপ্টেম্বর সচিবদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য আন্তঃমন্ত্রণালয় সভার মতামতের আলোকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। সে পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানান তিনি।
ঝটিকা মিছিল ও নাশকতা প্রতিহত করা হবে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিবাদী শক্তির দুষ্কৃতকারীরা ঝটিকা মিছিল কিংবা ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটিয়ে সাময়িক আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে।
তিনি বলেন, গুলশান ও হাইকোর্ট সংলগ্ন এলাকায় সংঘটিত ঘটনাগুলোর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ইতোমধ্যে জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোনো ধরনের নাশকতা প্রতিহত করতে সরকার বদ্ধপরিকর।





