স্টাফ রিপোর্টার | ১৪ জুন ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজারের শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবক সাজ্জাদুল ইসলামের উদ্ভাবিত বিভিন্ন পরিবেশবান্ধব পণ্য পরিদর্শন করেছেন।
রোববার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে তিনি পচা ও পরিত্যক্ত সবজি থেকে তৈরি পচনযোগ্য পলিথিনসহ সাজ্জাদুলের উদ্ভাবিত বিভিন্ন পণ্য ঘুরে দেখেন এবং এসব উদ্ভাবনের প্রশংসা করেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।
পণ্য পরিদর্শনের সময় সাজ্জাদুল ইসলাম প্রধানমন্ত্রীকে জানান, পচা ও পরিত্যক্ত সবজি ব্যবহার করে তিনি পচনযোগ্য পলিথিন তৈরি করেছেন। এছাড়া কলাগাছের তন্তু ব্যবহার করে ঢেউটিন, টাইলস ও বোর্ড তৈরির প্রযুক্তিও উদ্ভাবন করেছেন।
প্রধানমন্ত্রী দেশীয় কাঁচামালনির্ভর এবং পরিবেশবান্ধব এসব উদ্ভাবনের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, এ ধরনের উদ্ভাবন পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ সময় প্রধানমন্ত্রী সাজ্জাদুল ইসলামের উদ্ভাবনী কাজে রাষ্ট্রীয় সহযোগিতার আশ্বাস দেন এবং তার গবেষণা কার্যক্রম অব্যাহত রাখতে উৎসাহ প্রদান করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, তরুণ উদ্ভাবকদের এমন উদ্যোগ দেশের পরিবেশবান্ধব শিল্পায়ন ও প্রযুক্তি উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।





