তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের স্বপ্ন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার নির্বাচন সঠিক সময়ে, আইন অনুযায়ী নিষিদ্ধ কার্যক্রমে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত

স্টার রিপোর্টার, ২৩ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দল এখন নতুন এক বাংলাদেশের জন্য কাজ করছে এবং স্বপ্ন দেখছে। তিনি বলেন, দলের চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অল্প সময়ের মধ্যেই দেশের মানুষের মধ্যে একটি শক্ত অবস্থান তৈরি হয়েছে এবং তাঁর কাজের ধরনেই সেটি প্রমাণিত হচ্ছে।

মির্জা ফখরুল বলেন, বিএনপি বিশ্বাস করে তারেক রহমানের নেতৃত্বে দল আরও শক্তিশালী হবে এবং বর্তমান সরকার দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নিতে সক্ষম হবে। তিনি আশা প্রকাশ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন অনুযায়ী একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, খুব শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কয়েকটি সিটি করপোরেশনে প্রশাসনিক পরিবর্তন আনা হলেও নির্বাচন থেকে পিছিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা নেই। বিভিন্ন আইনি প্রক্রিয়া, মেয়াদ ও প্রশাসনিক বিষয় সমন্বয় করে সরকারের পক্ষ থেকে সঠিক সময়ে নির্বাচন আয়োজন করা হবে।

আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলার বিষয়ে তিনি বলেন, অনেক স্থানে তাদের কার্যক্রম দেখা যাচ্ছে, যা আইনগতভাবে নিষিদ্ধ। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও ইঙ্গিত দেন তিনি।