তারেক রহমানের বক্তব্য: খাল খনন, কৃষি ও স্থানীয় শিল্প উন্নয়নের অঙ্গীকার

বিএনপি চেয়ারপারম্যান যশোর সমাবেশে জানান, নির্বাচিত হলে খাল খনন, কৃষি ঋণ মওকুফ ও স্থানীয় শিল্প সম্প্রসারণে কাজ করবেন

স্টাফ রিপোর্টার, ২ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যশোরের সমাবেশে বলেন, উলসী খাল প্রকল্পের মতো কাজের মাধ্যমে দেশের হাজার হাজার খাল খনন করা হয়েছে, যা কৃষক ভাইয়েদের জন্য অনেক সুবিধা বয়ে এনেছে। তিনি জানান, নির্বাচিত হলে সারা বাংলাদেশে খাল খননের কাজ আবার শুরু করা হবে।

তিনি আরও জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অন্য একটি প্রকল্প জি কে প্রজেক্ট পুনরায় চালু করা হবে। এছাড়া, দেশের মা-বোন ও গৃহিণীদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষি কার্ড বিতরণ করা হবে। কৃষি কার্ডের মাধ্যমে সার, বীজ ও পশু দেওয়া হবে এবং বর্তমান ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হবে।

তারেক রহমান বলেন, যুব সমাজকে ভোকেশনাল এবং ট্রেনিং ইনস্টিটিউটে প্রশিক্ষণ দিয়ে তারা দেশের ভেতরে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাবে। এছাড়া সমাজের সম্মানীয় ব্যক্তিত্ব যেমন খতিব, ইমাম, ধর্মগুরুদের সরকারি সম্মান প্রদানের ব্যবস্থা করা হবে।

স্থানীয় শিল্প প্রসঙ্গে তিনি জানান, যশোরে ফুল চাষ ও আখ চাষের শিল্পকে উন্নত করা হবে। ফুল শিল্পকে আন্তর্জাতিক বাজারে রপ্তানি এবং চিনিকল পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ বৃদ্ধি করা হবে। তিনি আশ্বাস দেন, এই পদক্ষেপের মাধ্যমে দেশের কৃষক ও স্থানীয় শিল্পীরা উপকৃত হবেন।