স্টাফ রিপোর্টার ২৩ জানুয়ারি ২০২৬ নিউজ চ্যানেল বিডি
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোটাধিকার রক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি বলেন, এবারের নির্বাচনে ষড়যন্ত্র রুখতে ভোটারদের শুধু ভোট দিলেই দায়িত্ব শেষ হবে না, বরং ভোটকেন্দ্রে উপস্থিত থেকে ভোটের পরিবেশ নিশ্চিত করতে হবে।
এক বক্তব্যে তারেক রহমান বলেন, ভোটের দিন সবাইকে তাহাজ্জুদের সময় ঘুম থেকে উঠে নামাজ আদায় করতে হবে। এরপর নিজ নিজ এলাকার ভোটকেন্দ্রের সামনে গিয়ে ফজরের জামাতে শরিক হতে হবে। ফজরের ফরজ নামাজ শেষে শান্তভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, এই আহ্বানের পেছনে একটি স্পষ্ট কারণ রয়েছে। গত ১৫ বছরে দেশে যে ধরনের নির্বাচন হয়েছে, মানুষ তা ভুলে যায়নি। নিশিরাতের নির্বাচন হয়েছে, সাধারণ মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি। ঠিক একইভাবে এবারও নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তারেক রহমান একটি দলের ঘনিষ্ঠ পত্রিকায় প্রকাশিত সংবাদের কথা উল্লেখ করে বলেন, প্রবাসী বাংলাদেশিদের জন্য দীর্ঘদিন ধরে পোস্টাল ব্যালট চালুর দাবি জানানো হয়েছিল। সরকার আংশিকভাবে তা বাস্তবায়ন করলেও এখন সেই পোস্টাল ব্যালট ব্যবস্থা সরিয়ে ফেলার খবর প্রকাশিত হয়েছে, যা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
তিনি আরও অভিযোগ করেন, বিভিন্ন এলাকায় নিরীহ মা ও বোনদের বিভ্রান্ত করে তাদের এনআইডি নম্বর, ফোন নম্বর এবং বিকাশ নম্বর সংগ্রহ করা হচ্ছে। এসব কাজ একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেন তিনি।
বক্তব্যে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, যারা আজ এসব ষড়যন্ত্রে লিপ্ত, তারা মুক্তিযুদ্ধের সময় দেশের পক্ষে ছিল না। দেশের মানুষ যুদ্ধ করে রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করলেও ওই শক্তিগুলো তখন দেশের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। তাদের কারণেই সে সময় লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছিলেন এবং অসংখ্য মা বোন নির্যাতনের শিকার হয়েছিলেন বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ বহু আগেই এই শক্তিগুলোর প্রকৃত চরিত্র চিনে ফেলেছে। তাই আজ নতুন করে কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া যাবে না।
শেষে তারেক রহমান বলেন, ভোটের অধিকার শুধু প্রয়োগ করলেই দায়িত্ব শেষ হয় না। ভোটের মাধ্যমে নিশ্চিত করতে হবে কারা জনগণের জন্য কাজ করবে, কারা এলাকার উন্নয়ন করবে এবং কারা দেশের মানুষের স্বার্থ রক্ষা করবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।





