স্টাফ রিপোর্টার, ৭ জুন ২০২৬, নিউজ চ্যানেল বিডি।
ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির তৃতীয় বৈঠক আজ জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি ও বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠকে কমিটির সদস্য, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি অংশগ্রহণ করেন। এছাড়া উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা মোঃ শফিকুর রহমান, এমপি; ড. খন্দকার মোশাররফ হোসেন, এমপি; স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমপি; অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, এমপি; স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি; গয়েশ্বর চন্দ্র রায়, এমপি; চিফ হুইপ মোঃ নূরুল ইসলাম, এমপি; আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান, এমপি; বিরোধীদলের উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এমপি; এ টি এম আজহারুল ইসলাম, এমপি; বিরোধীদলের চিফ হুইপ মোঃ নাহিদ ইসলাম, এমপি এবং মুহাম্মদ নওশাদ জমির, এমপি।
স্পিকারের বিশেষ আমন্ত্রণে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপিও বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট (২০২৬ খ্রিস্টাব্দের দ্বিতীয়) অধিবেশনের কার্যাদি সম্পন্নের জন্য সময় বরাদ্দ এবং অধিবেশনের স্থায়িত্বকাল নিয়ে আলোচনা করা হয়। সাধারণত বাজেট আলোচনার জন্য মোট ৪০ ঘণ্টা সময় নির্ধারণ করা হয় বলে বৈঠকে উল্লেখ করা হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিকেল ৩টায় সংসদের অধিবেশন অনুষ্ঠিত হবে এবং আগামী ৯ জুলাই ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত হবে। এছাড়া ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত চার দিন প্রতিদিন দুই বেলা বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে প্রস্তাব করা হয়েছে।
প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবস সম্পর্কিত যেকোনো বিষয় পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে প্রদান করা হয়েছে।
সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৯১টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৩,০৩৭টিসহ মোট ৩,২২৮টি প্রশ্ন জমা পড়েছে। এছাড়া বিধি-৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের ৯৮টি নোটিশ এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত-প্রস্তাবের ২৯৩টি নোটিশ পাওয়া গেছে।
বৈঠকে সচিবিক সহায়তা প্রদান করেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভুঁইয়া। এ সময় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।





