ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল

বিএনপি সরকারের অধীনে প্রথম বাজেট উপস্থাপনের প্রস্তুতি, ১১ জুন প্রস্তাবিত বাজেট পেশের সম্ভাবনা

স্টাফ রিপোর্টার | ৬ জুন ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন আগামীকাল থেকে শুরু হচ্ছে। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করলে এটি হবে তাদের অধীনে সংসদের প্রথম বাজেট অধিবেশন।

সংসদের দ্বিতীয় অধিবেশন হিসেবে এ অধিবেশন আগামীকাল বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে শুরু হবে।

সংসদ সূত্রে জানা গেছে, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করতে পারেন।

এর আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ৭ মে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ অধিবেশন আহ্বান করেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ৩০ এপ্রিল সমাপ্ত হয়। ওই অধিবেশনে ২৫ কার্যদিবসে মোট ৯৪টি বিল পাস করা হয়। সংসদের আসন্ন বাজেট অধিবেশনে আগামী অর্থবছরের আয়-ব্যয়ের প্রস্তাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন কার্যক্রমও পরিচালিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।